স্পেনের আলমেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, উদ্ধার কাজে ১৫০ দমকলকর্মী
স্পেনের আলমেরিয়ায় দাবানলে নিহত ১২, উদ্ধার কাজে ১৫০ দমকলকর্মী

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন দমকলকর্মী নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) ভোরে আন্দালুসিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

নিহতের সংখ্যা বাড়ল ছয় থেকে ১২

প্রাথমিকভাবে দাবানলে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছায়। আন্দালুসিয়ার প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স এ ঘটনাকে অঞ্চলের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দাবানল বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, 'এটি এক নজিরবিহীন মানবিক বিপর্যয়।'

ক্ষতিগ্রস্ত এলাকা ও সংহতি

দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে লস গাইয়ারদোসসহ আশপাশের এলাকা। লস গাইয়ারদোস আলমেরিয়া প্রদেশের একটি পৌর এলাকা। আন্দালুসিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের প্রতি সংহতি প্রকাশ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইউরোপজুড়ে দাবানলের ঝুঁকি

দক্ষিণ স্পেনের এই অগ্নিকাণ্ডের কয়েক দিন আগেই ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেই আগুনের কারণে স্পেন সীমান্তসংলগ্ন প্রায় দুই ডজন ছোট শহর ও গ্রাম থেকে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের মে ও জুন মাসে পশ্চিম ইউরোপজুড়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে বিস্তীর্ণ এলাকা শুকিয়ে গেছে। এতে বনাঞ্চলগুলো দাবানলের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে উষ্ণতা বাড়ছে। ফলে ভবিষ্যতে আরও দীর্ঘস্থায়ী ও তীব্র তাপপ্রবাহ এবং ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়তে পারে। সূত্র: রয়টার্স

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ