ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো শান্তিপূর্ণ সম্পর্ক নেই। তিনি ওয়াশিংটনকে অবিশ্বস্ত বলেও আখ্যা দিয়েছেন।
হামাস নেতার সঙ্গে বৈঠকে গালিবাফের বক্তব্য
গত রোববার তেহরানে হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ দারবিশের সঙ্গে বৈঠকে গালিবাফ আরও বলেন, ইরান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।
গালিবাফ বলেন, ইরান মুসলিম বিশ্ব ও প্রতিরোধ অক্ষের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। প্রয়োজন হলে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে এবং দরকার হলে রাজনৈতিক সমর্থনও দেবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সীমারেখা
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে গালিবাফ বলেন, ইরান আলোচনায় চূড়ান্ত কিছু সীমারেখা টেনে দিয়েছে। আলোচনার পুরোটা সময় তা বজায় রাখা হয়েছে। চূড়ান্ত সীমার মধ্যে প্রতিরোধ অক্ষ ও লেবাননও ছিল। এ ছাড়া তিনি গাজা যুদ্ধবিরতি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করারও প্রতিশ্রুতি দেন।
গালিবাফ বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরান তার মূল দাবি থেকে সরে আসেনি। ওই দাবির মধ্যে ছিল ইরানের আঞ্চলিক মিত্র এবং প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করা। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে এ বিষয়টি মেনে নিতে বাধ্য হয়েছে।
সামরিক প্রস্তুতি ও কূটনীতির গুরুত্ব
ইরানের পার্লামেন্টের স্পিকার আরও বলেন, শক্ত অবস্থানে থেকে আলোচনা চালাতে পূর্ণ সামরিক প্রস্তুতি অপরিহার্য। কারণ, ইরানের প্রতিরোধ সক্ষমতায় কোনো দুর্বলতা দেখলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও যুদ্ধের পথ বেছে নেবে।
গালিবাফ জোর দিয়ে বলেন যে সামরিক অর্জনগুলোকে রক্ষা করতে এবং সেগুলোকে দীর্ঘস্থায়ী রূপ দিতে কূটনীতিকে অবশ্যই যথেষ্ট সক্ষম ও শক্তিশালী হতে হবে।



