তামিলনাড়ুর রাজনীতিতে ঘনীভূত অনিশ্চয়তার মেঘ অবশেষে কাটতে শুরু করেছে। সংখ্যাগরিষ্ঠতার লড়াইয়ে জয়ী হয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার নিশ্চিত করেছেন সুপারস্টার থালাপতি বিজয়। এর মাধ্যমে দক্ষিণী এই রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ প্রশস্ত হলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এনডিটিভির সূত্র অনুযায়ী, বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে)-কে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও দলটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিজয়ের জোটে আগে থেকেই ১১৬ জন বিধায়কের সমর্থন ছিল (যার মধ্যে ৫ জন কংগ্রেস ও ৪ জন বামপন্থী দলের)। ভিসিকে-র ২ জন বিধায়ক যুক্ত হওয়ায় এই সংখ্যা এখন ১১৮-তে পৌঁছেছে, যা তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় নূন্যতম আসন।
এর আগে রাজভবনে একাধিকবার গেলেও রাজ্যপাল আর ভি আরলেকর পর্যাপ্ত সমর্থনের চিঠি ছাড়া বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। মাত্র দুই বছর আগে রাজনৈতিক দল গঠন করে বিজয় তামিলনাড়ুর দীর্ঘ ৬২ বছরের ডিএমকে ও এআইএডিএমকে-র আধিপত্য চুরমার করে দিয়েছেন। এবারের নির্বাচনে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে টিভিকে। বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় বর্তমানে তার দলের বিধায়ক সংখ্যা ১০৭।
নির্বাচনী ফলাফলে ডিএমকে ৫৯ এবং এআইএডিএমকে ৪৭টি আসনে নেমে এসেছে। এছাড়া কংগ্রেস ৫টি, পিএমকে ৪টি এবং বাম দলগুলো (সিপিআই ও সিপিএম), ভিসিকে ও আইইউএমএল ২টি করে আসন পেয়েছে। বিজেপি, ডিএমডিকে ও এএমএমকে পেয়েছে ১টি করে আসন। এই অভাবনীয় সাফল্যের পর এখন কেবল বিজয়ের শপথ নেওয়ার অপেক্ষা।



