ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো সাম্প্রতিক প্রস্তাবটি এখনও পর্যালোচনা করছে তেহরান। শুক্রবার (৮ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এই তথ্য জানা গেছে। বাঘাই বলেন, প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মার্কিন বাহিনীর সঙ্গে সংঘাতের নিন্দা
একইসঙ্গে গত রাতে মার্কিন বাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সামরিক সংঘাতের তীব্র নিন্দা জানিয়েছেন বাঘাই। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তার মতে, এই ঘটনা শুধু উস্কানিমূলক নয়, বরং বৈশ্বিক আইন কাঠামোর চরম অবমাননা।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যেকোনো ধরনের আগ্রাসন বা হঠকারিতার দাঁতভাঙা জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি জটিল
বিশ্লেষকদের মতে, বাঘাইয়ের এই মন্তব্য এবং ওয়াশিংটনের প্রতি কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সূত্র: আল-জাজিরা।



