বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৪ মে (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
বঙ্গে ফুটলো পদ্মফুল, দিদির বিদায়
গত বছরের নভেম্বর মাসে বিহারে এনডিএ জোটের বড় জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘বিহার হয়েই গঙ্গা নদী বাংলায় প্রবাহিত হয়’। এই রূপকটিই ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিয়েছিল। পাঁচ মাস পর, অবশেষে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই পূর্বাঞ্চলীয় রাজ্যটি দখল করল বিজেপি। দলটি এখন ২০০টি আসনের কাছাকাছি পৌঁছে গেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) দুই অঙ্কের ঘরে নেমে গিয়ে বেশ পেছনে পড়ে রয়েছে। এই ফলাফল বিজেপির জন্য এক ঐতিহাসিক বিজয় এবং তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে।
তামিলনাড়ুতে অভিষেকেই চমক অভিনেতা বিজয়ের
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার সকাল ৮টায় গণনা শুরু হওয়ার পর ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কাজাগামের (ডিএমকে) চেয়ে এগিয়ে রয়েছে অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের নতুন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)।
পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পথে বিজেপি, কে হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর ফলে এখন সবার নজর ধীরে ধীরে দলটির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দিকে সরছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়ে বলেছিলেন, যেকোনও এক বাঙালিই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। তৃণমূল কংগ্রেসের তোলা ‘বহিরাগত’ তত্ত্বের পাল্টা হিসেবেই অমিত শাহের এই মন্তব্য ছিল।
যে ৫ কারণে বিজেপির কাছে ধরাশায়ী মমতার তৃণমূল
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে ধারণার চেয়েও বড় জয় পেতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার (৪ মে) সন্ধ্যা ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যটিতে তারা প্রায় ২০০টি আসনে এগিয়ে রয়েছে। এর আগে দলের অভ্যন্তরীণ মূল্যায়নে ১৮৫-এর বেশি আসন পাওয়ার অনুমান করা হয়েছিল, কিন্তু ফল সেই পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ করলো ওয়াশিংটন
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন কোনও যুদ্ধজাহাজ হামলার শিকার হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে উদ্ধারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ওই প্রণালি থেকে দূরে থাকার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।



