যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার পর ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। তবে উভয় পক্ষ জানিয়েছে, এর জন্য হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে হামলা বন্ধ করতে হবে।
পাইলট জোন গঠনে সম্মতি
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দুই দেশ কিছু ‘পাইলট জোন’ গঠনের ব্যাপারেও একমত হয়েছে। এসব এলাকায় লেবাননের সশস্ত্র বাহিনী এককভাবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিচালনা করবে এবং কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না।
যুদ্ধবিরতির শর্ত
যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রধান শর্ত হলো হিজবুল্লাহর পক্ষ থেকে সব ধরনের হামলা সম্পূর্ণ বন্ধ করা এবং সংগঠনটির সদস্যদের দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেওয়া।
চতুর্থ দফার আলোচনা
ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকটি লেবানন ও ইসরাইলের কূটনীতিকদের মধ্যে চতুর্থ দফার সরাসরি আলোচনা ছিল। গত ২ মার্চ ইরানের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইসরাইলের ওপর নতুন করে হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়ে ওঠে।
সূত্র: দ্য ডন



