বর্ষায় সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকের ভিড়, বাড়তি সুবিধার দাবি
বর্ষায় সিলেটে পর্যটকের ভিড়, বাড়তি সুবিধার দাবি

তীব্র বৃষ্টি বাদলের পর গত দুদিন থেকে কড়া রোদে সিলেটের আকাশ তপ্ত। মাঝে মধ্যে জমে থাকা মেঘের খেলা। জৈন্তা পাহাড়ের সবুজে যখন মেঘ উড়ে বেড়ায় তখন লাগুয়া তামাবিল সড়কে চলাচলরত যানবাহন মনের অজান্তেই গতিহীন হয়ে পড়ে। সবুজ পাহাড়ের সঙ্গে সাদা মেঘের মিতালির দৃশ্য নিজকে হারিয়ে দেয়। এমন প্রাকৃতিক শোভা সিলেটে আসা পর্যটকদের চিত্ত ভরে তোলে। আনন্দোলিত হয় মন প্রাণ। নদী-হাওরও টই-টুম্বুর।

ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়

এবার ঈদুল আজহার লম্বা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটের প্রকৃতির সান্নিধ্যে ছুটে এসেছেন নানা বয়সী মানুষ। তপ্ত রোদ আর সব ক্লান্তি ভুলে ছুটছেন, পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা ধারায়। তারা সবুজ চা বাগানে বা পাথর আর জলধারার মেল বন্ধনে লুটিপুটি খাচ্ছেন। বর্ষাকালে সিলেট সীমান্তে সাদাপাথর আর সবুজে মোড়ানো চা বাগানগুলো যেন সবুজ পাখা মেলেছে। প্রকৃতি-প্রেমীরা উচ্ছল। মনের খুশিতে ঘুরে ফিরছেন দিন রাত। একইভাবে পর্যটকদের আনাগোনা দেখা গেছে হাওরেও।

হোটেল-রেস্তোরাঁয় ব্যস্ততা

পর্যটকদের আগমনে সিলেটের হোটেল-মোটেলসহ বিভিন্ন রেস্তোরাও বেশ জমেছে। দিনের আলোয় প্রকৃতির সান্নিধ্যে, আর রাতে হোটেল রেস্টুরেন্টের মায়াবী আলোয় সুস্বাদু খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়েন নানা বয়েসের নারী-পুরুষ। শহরের ব্যস্ত জীবন থেকে একটু স্বস্তির খোঁজে মানুষ ছুটে আসছে সবুজে ঘেরা নির্মল পরিবেশে। সাদাপাথর, রাতারগুল, জাফলং, সবুজ চা-বাগান, মাধবকুন্ডের ঝর্ণা, হাকালুকি, টাঙ্গুয়ার হাওর সহ সিলেটের শত পর্যটন কেন্দ্র ঘিরে গড়ে উঠেছে হাজারো মানুষের জীবিকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমনে হাসি ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখেও।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উন্নত যোগাযোগ ও নিরাপত্তার দাবি

তবে তারা বলছেন, যোগাযোগ ব্যবস্থা, নিরপত্তাসহ আরও কিছু সুযোগ সুবিধা বাড়ালে সিলেটের প্রাকৃতিক পর্যটন কেন্দ্রগুলো হয়ে উঠবে বিশ্ব মানের পর্যটন কেন্দ্রে। পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সিলেটের পর্যটনকেন্দ্রগুলো যদি আরও উন্নত করা যায়, তাহলে আরও সুবিধা হবে এবং ভ্রমণ পিপাসুদের ভিড় বাড়বে। ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পর্যটকদের অনেকেই বলেন, সিলেট-ঢাকা সড়কে পথের দুর্ভোগ এবং রেলওয়ের টিকেট সংকট সিলেটে আসার আনন্দ ফিকে করে দেয়। তারা সিলেট-ঢাকা ৬ লেন সড়কে কাজ দ্রুত শেষ করা এবং আসা যাওয়ায় রেলের বগি বৃদ্ধি সহ আরও কয়েক জোড়া ট্রেন চালুর দাবি জানিয়েছেন। তারা বলেন বিমানের ভাড়াও অত্যাধিক, যা অনেকের পক্ষে বহন করা সম্ভব নয়।

বিশ্বমানের পর্যটন স্পটের পরিকল্পনা

সিলেট জেলার বেশিরভাগ পর্যটন স্পট জৈন্তা, গোয়াইনঘাটে থাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এলাকাটিকে ঢেলে সাজিয়ে একটি বিশ্বমানের পর্যটন স্পট করতে চান। এই এলাকাকে সুন্দরভাবে সাজিয়ে নিলে সিলেটে ছুটে আসবেন পৃথিবীর নানা স্থানের পর্যটক। তাছাড়া ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।