পশ্চিমবঙ্গের পর এবার উত্তর প্রদেশে ঈদুল আজহার নামাজ ও কুরবানি নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খোলা জায়গায় বা জনসমাগমস্থলে কুরবানি দেওয়া যাবে না। একইসঙ্গে রাস্তা বন্ধ করে ঈদের নামাজ আদায়েরও অনুমতি নেই।
উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত
রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উত্তর প্রদেশ সরকার এই সিদ্ধান্ত জানায়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু কুরবানি করতে দেওয়া হবে না। পূর্ব-নির্ধারিত স্থানে কুরবানির অনুমতি দেওয়ার নির্দেশ দেন তিনি।
নতুন রীতি চালু না করার নির্দেশ
উৎসব ঘিরে কোনো নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দেন। তিনি বলেন, নামাজ শুধুমাত্র প্রচলিত ও নির্ধারিত স্থানেই আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজের জন্য সড়ক বন্ধ করার অনুমতি দেওয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেন তিনি।
কসাইখানায় ধারণক্ষমতার বাধ্যবাধকতা
এছাড়া বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলে জানান যোগী আদিত্যনাথ। উৎসব চলাকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশ
এর আগে পশ্চিমবঙ্গের নতুন সরকার পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গবাদিপশু কুরবানি ও জবাইয়ের নিয়মে কঠোর বিধিনিষেধ আরোপ করে। এসব জটিল বিধিনিষেধের কারণে রাজ্যজুড়ে পশু বেচাকেনায় বড় ধরনের স্থবিরতা নেমে এসেছে এবং মুসলিম ও হিন্দু খামারি ও ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে



