যুক্তরাষ্ট্র-ব্রিটেন ছেড়ে চীনে পাড়ি জমানো ১০ বিজ্ঞানীর গল্প
যুক্তরাষ্ট্র-ব্রিটেন ছেড়ে চীনে পাড়ি জমানো ১০ বিজ্ঞানী

গবেষণার জন্য পর্যাপ্ত তহবিলের অভাব এবং পশ্চিমা দেশগুলোতে চীনা শিক্ষাবিদদের বড় কোনো প্রকল্পের নেতৃত্ব দেওয়ার সুযোগ সংকুচিত হয়ে আসাসহ বেশ কিছু কারণে এ বছর ডজন খানেক বিজ্ঞানী ও বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ছেড়ে চীনে নিজেদের ক্যারিয়ার গড়তে পাড়ি জমিয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে পাঠকদের মাঝে ব্যাপক সাড়া জাগানো এমন ১০ জন বিজ্ঞানী ও গবেষকের গল্প তুলে ধরা হয়েছে।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ঝাং কাই

অভূতপূর্ব নির্ভুলতার সঙ্গে একটি অতি-বৃহৎ আকারের সেলুলার স্ট্রাকচার গ্রুপ ডাটা ব্যাংক তৈরি করছেন বিজ্ঞানী ঝাং কাই। নিজের এই বিশাল স্বপ্ন পূরণের জন্য জন্মভূমি চীনে ফিরে আসাকেই তিনি স্বাভাবিক পছন্দ হিসেবে বেছে নিয়েছেন।

কেমব্রিজ ছেড়ে হংকংয়ে নিজস্ব ল্যাব গড়লেন চেন পেইপেই

কিছু উদীয়মান তরুণ বিজ্ঞানীদের কাছে ব্রিটিশ একাডেমিয়ার আগের সেই মর্যাদা এখন কমছে। এর পেছনে রয়েছে ক্রমাগত সংকুচিত হতে থাকা গবেষণা তহবিল এবং জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি। শীর্ষ স্তরের প্রতিভারা এখন স্থিতিশীলতা ও প্রয়োজনীয় সম্পদের খোঁজে অন্য দেশের দিকে ঝুঁকছেন। জ্বালানি বিজ্ঞানী চেন পেইপেই তেমনি এক পরিস্থিতিতে হংকংয়ে নিজের ল্যাব তৈরি করতে কেমব্রিজ ছেড়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নোবেলজয়ী ওমর ইয়াঘি শিংহুয়া বিশ্ববিদ্যালয়ে

গত বছরের রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী ওমর ইয়াঘি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি নতুন গবেষণা কেন্দ্রের নেতৃত্ব দিতে চীনের শিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন।

ব্ল্যাক হোল শিকারি দাই লিয়াং সাংহাইয়ে

ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর অনুসন্ধানের কাজের জন্য যুক্তরাষ্ট্র এবং কানাডার ‘সবচেয়ে মেধাবী তরুণ বিজ্ঞানীদের’ জন্য সংরক্ষিত একটি মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেয়েছিলেন পদার্থবিদ দাই লিয়াং। তিনি সম্প্রতি চীনে ফিরে এসেছেন এবং সাংহাইয়ে একটি পদে যোগ দিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমআইটি ছেড়ে পিকিং বিশ্ববিদ্যালয়ে জিয়াং জিয়ানফেং

সাধারণত পিএইচডি শেষ করার পর ডক্টরাল সুপারভাইজার হতে একজন শিক্ষাবিদের আট থেকে দশ বছর সময় লাগে। কিন্তু সেমিকন্ডাক্টর বিজ্ঞানী জিয়াং জিয়ানফেং মাত্র ১৮ মাসেই সেই গৌরব অর্জন করেছেন এবং এমআইটি ছেড়ে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন।

নিউরোবায়োলজিস্ট চিহ-ইং সুর চীন যাত্রা

ফল মাছি এবং মশার ঘ্রাণশক্তির ওপর গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত ও প্রশংসিত নিউরোবায়োলজিস্ট চিহ-ইং সু ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সান দিয়েগোর ফ্যাকাল্টি ভাইস-চেয়ারের পদ ছেড়েছেন। তিনি শেনজেন একাডেমি অব মেডিকেল সায়েন্সেস-এ যোগ দিয়েছেন।

উদ্ভিদ শনাক্তকরণ অ্যাপের জনক লিং হাইবিন চীনে

বিশ্বের প্রথম মোবাইল উদ্ভিদ শনাক্তকরণ অ্যাপের পেছনের কারিগর ও প্রশংসিত কম্পিউটার বিজ্ঞানী লিং হাইবিন যুক্তরাষ্ট্রের চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি পূর্ব চীনের হাংচৌতে অবস্থিত ওয়েস্টলেক ইউনিভার্সিটিতে পূর্ণকালীন অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন।

কম্পিউটার ভিশন বিজ্ঞানী লিয়াং জি ফিরলেন চীনে

বিশ বছর আগে মাইক্রোসফটে থাকার সময় লিয়াং জি এমন কিছু প্রযুক্তি তৈরি করেছিলেন যা উইন্ডোজ মিডিয়া ভিডিও প্লেয়ার এবং ব্লু-রে ডিস্কের মতো পণ্যে যুক্ত করা হয়েছিল, যা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ব্যবহার করেন। সেই কম্পিউটার ভিশন বিজ্ঞানী এবার উত্তর আমেরিকা থেকে চীনে ফিরে এসেছেন।

মেমোরি চিপ বিশেষজ্ঞ মার্কিন চাকরি ছেড়ে চীনা সেমিকন্ডাক্টর ফার্মে

সেমিকন্ডাক্টর প্যাকেজিং এবং মেমোরি চিপ খাতের এক প্রখ্যাত বিশেষজ্ঞ দুই দশকেরও বেশি সময় পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আরভিনের অধ্যাপনা ছেড়েছেন। তিনি পূর্ব চীনের একটি শীর্ষস্থানীয় কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস কোম্পানিতে যোগ দিয়েছেন।

ইভি মোটর বিশেষজ্ঞ ঝু জিকিয়াং হংকং পলিইউতে

বৈদ্যুতিক মোটর ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম বিশ্বসেরা বিশেষজ্ঞ ঝু জিকিয়াং ব্রিটেনে তার প্রায় চার দশকের দীর্ঘ কর্মজীবনের ইতি টেনেছেন। তিনি হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে একটি পূর্ণকালীন পদে যোগ দিতে সেখানে পাড়ি জমিয়েছেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট