ট্রাম্পের ইরান চুক্তি: মার্কিন জনগণের হতাশা ও যুদ্ধ শেষ করার তাগিদ
ট্রাম্পের ইরান চুক্তি: মার্কিন জনগণের হতাশা ও যুদ্ধ শেষ করার তাগিদ

সিবিএস নিউজ-ইউগভ-এর নতুন এক জরিপে দেখা গেছে, মার্কিনরা এ যুদ্ধের শেষ দেখার একটি প্রাথমিক আভাস পেলেও, যুদ্ধ নিয়ে তাঁদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিন্দুমাত্র বদলায়নি। জরিপের তথ্য অনুযায়ী, ৭৮ শতাংশ মার্কিন এখন যুদ্ধ শেষ করার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে মাত্র ২২ শতাংশ নাগরিক আরও অপেক্ষা করার পক্ষে, যাতে ইরান বেশি ছাড় দিতে বাধ্য হয়।

চুক্তি নিয়ে মার্কিনদের মূল্যায়ন

চুক্তিটির মূল্যায়নের বিষয়ে জানতে চাওয়া হলে মাত্র ২২ শতাংশ মার্কিন বলেন, এটি ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের জন্য বেশি লাভজনক হয়েছে। বিপরীতে এর চেয়ে ঢের বেশি ৩৭ শতাংশ মানুষের মত, চুক্তিটি ইরানের জন্য বেশি সুবিধাজনক হয়েছে। বাকি ৪১ শতাংশ মনে করেন, চুক্তিটি উভয় পক্ষের জন্যই সমান হয়েছে।

ট্রাম্প বারবার দাবি করে এসেছেন যে, তাঁর মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা। তবে জরিপ বলছে, ৬৯ শতাংশ মার্কিন এবং খোদ রিপাবলিকান দলের ৪৫ শতাংশ কর্মী মনে করেন, যুদ্ধ শেষ করার জন্য এ চুক্তি চূড়ান্ত করা হলেও তা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে পারবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কৌশলগত পরাজয় মেনে নিচ্ছেন মার্কিনরা

এ চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভালো হয়েছে বলে যাঁরা মনে করেন, তাঁদের মধ্যে রিপাবলিকান পার্টির সমর্থকের সংখ্যা মাত্র ৩৯ শতাংশ। অর্থাৎ ট্রাম্পের নিজ দলের প্রতি ১০ জনের মধ্যে মাত্র ৪ জন মনে করেন, তাঁর প্রশাসন এই আলোচনায় জয়ী হয়েছে। পাশাপাশি কৌশলগত দিক থেকে এ যুদ্ধে যুক্তরাষ্ট্র সফল হয়নি বলে মনে করেন ৪৫ শতাংশ মার্কিন। বিপরীতে এটিকে সফল ভাবছেন মাত্র ২৯ শতাংশ নাগরিক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সহজ কথায়, মার্কিনরা যে ট্রাম্পের এ চুক্তিকে একটি কৌশলগত পরাজয় হিসেবে দেখছেন, তার সবচেয়ে বড় ও অকাট্য প্রমাণ লুকিয়ে আছে পারমাণবিক ইস্যু–সংক্রান্ত জরিপের ফলাফলের মধ্যে। ইরান যুদ্ধে ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল, তেহরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা। কিন্তু তাঁর এ প্রধান লক্ষ্যেই মানুষ সবচেয়ে বড় ব্যর্থতা দেখতে পাচ্ছে।

গত জুনের মাঝামাঝি যখন এই চুক্তির প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা চলছিল, তখন ‘ফক্স নিউজ’-এর করা একটি জরিপেও ঠিক একই চিত্র দেখা গিয়েছিল। ওই জরিপেও নিবন্ধিত ভোটারদের ৬৪ শতাংশ বলেছিলেন, এ শান্তিচুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা যাবে না। বিপরীতে ৩৫ শতাংশ ভোটার মনে করেছিলেন এটি সম্ভব।

ইরান যুদ্ধকে উল্টো ক্ষতিকর মনে করছেন মার্কিনরা

ইরান যুদ্ধ নিয়ে হওয়া জনমত জরিপগুলোর সবচেয়ে আশ্চর্যজনক ও ধারাবাহিক দিক হলো, মার্কিনরা এ যুদ্ধকে শুধু একটি ব্যর্থতাই মনে করছেন না, বরং এটি হিতে বিপরীত বা উল্টো ক্ষতিকর হয়েছে বলে বিশ্বাস করেন। বর্তমানেও এই মনোভাব বজায় রয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, এ যুদ্ধ ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করে দিয়েছে এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু মাত্র ৩৭ শতাংশ মার্কিন মনে করেন যে যুদ্ধ শুরুর আগের চেয়ে ইরান এখন দুর্বল হয়েছে।

প্রতি ১০ জনের মধ্যে ৬ জনেরও বেশি মার্কিন মনে করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আগের মতোই শক্তিশালী আছে (৩৮ শতাংশ) বা আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে (২৫ শতাংশ)। জরিপে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ বা ৫৭ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, এ যুদ্ধ আসলে সমস্যার সমাধান করার চেয়ে নতুন সমস্যা বেশি তৈরি করেছে। বিপরীতে মাত্র ২১ শতাংশ মনে করেন, এটি সমস্যার সমাধান করেছে। অর্থাৎ যুদ্ধকে ক্ষতিকর ভাবা মানুষের সংখ্যা সমাধান পাওয়া মানুষের প্রায় তিন গুণ।

অপ্রস্তুত ছিলেন ট্রাম্প

যুদ্ধের প্রভাবের কথা যখন আসে, তখন মার্কিনরা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে কিসের মধ্যে জড়িয়ে পড়ছেন, তা তিনি নিজেই বুঝতে পারেননি। এ যুদ্ধ বিশ্ব অর্থনীতির ওপর কতটা প্রভাব ফেলবে, তা ট্রাম্প প্রশাসন বুঝতে পেরেছিল কি না—জরিপে এমন একটি প্রশ্ন করা হয়েছিল। দেখা গেছে, পুরোপুরি ৬৪ শতাংশ নাগরিক মনে করেন, এ যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ট্রাম্প প্রশাসনের ধারণার চেয়েও অনেক বেশি প্রভাব ফেলেছে। এ মতের পক্ষে রিপাবলিকান দলের ৫১ শতাংশ কর্মীও সায় দিয়েছেন।

সিএনএন গত মার্চে এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরান যে হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করার মতো সাহস দেখাবে, ট্রাম্প প্রশাসন শুরুতে সেই ইচ্ছা ও সক্ষমতা খাটো করে দেখেছিল।

যুদ্ধ শেষ করতে ব্যাকুল মার্কিনরা, একই দশা ট্রাম্পেরও

এ জরিপের শেষ বড় শিক্ষা হলো, মার্কিনরা এখন একদিক থেকে ট্রাম্পের সঙ্গে একই কাতারে এসে দাঁড়িয়েছেন। তাঁরা শুধু এই পরিস্থিতির দ্রুত অবসান চান এবং তাঁরা মনে করছেন ট্রাম্পও এখন সেটাই চাইছেন। গত জুনের মাঝামাঝি ফক্স নিউজের জরিপে দেখা গিয়েছিল, ৭০ শতাংশ নিবন্ধিত ভোটার এ যুদ্ধ দীর্ঘ মেয়াদে টেনে নেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। এ ছাড়া ৮৭ শতাংশ মানুষ মনে করেছিলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়ানো অত্যন্ত জরুরি।

সিবিএসের জরিপে জানতে চাওয়া হয়েছিল, ট্রাম্প প্রশাসন তার সব লক্ষ্য পূরণ করতে পেরেছে বলে এ চুক্তিতে পৌঁছাচ্ছে, নাকি তারা শুধু ‘এই সংঘাতের অবসান চায়’ বলে চুক্তি করছে? উত্তরে দুই-তৃতীয়াংশ মার্কিন বলেছেন, ট্রাম্প প্রশাসন আসলে সব লক্ষ্য পূরণ করতে পারেনি, তারা শুধু যেকোনো মূল্যে এই ঝামেলার দ্রুত সমাপ্তি টানতে চাইছে।