সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা নিয়ে উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করাই তার এই সফরের প্রধান উদ্দেশ্য। বুধবার (২৪ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত চলাকালে ইরান ছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ছিল এই তিনটি উপসাগরীয় রাষ্ট্র। ফলে সেখানে এখনো নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি
পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি রুবিও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করছেন। সফরে তিনি উপসাগরীয় দেশগুলোকে আশ্বস্ত করার চেষ্টা করবেন। তিনি তাদের বোঝাবেন—নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এখনো বহাল রয়েছে। ইরানের হামলার সময় এসব দেশে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রের সমর্থন কোথায় ছিল। সেই উদ্বেগ দূর করাও রুবিওর সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
জিসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক
বাহরাইনে অবস্থানকালে তিনি গালফ কোপারেশন কাউন্সিলের (জিসিসি) প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। সেখানে তিনি ইরানের সঙ্গে হওয়া চুক্তির সুফল তুলে ধরবেন এবং উপসাগরীয় দেশগুলোকে এর পক্ষে আস্থাশীল করার চেষ্টা করবেন। তবে ওয়াশিংটনের কিছু সূত্রের দাবি, রুবিও ব্যক্তিগতভাবে এই চুক্তিকে খুব ভালো চুক্তি মনে করেন না। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এ বিষয়ে রুবিও, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে কোনো মতপার্থক্য নেই।



