কানাডায় অভিবাসন বা ভিসার আবেদন করার ক্ষেত্রে যেকোনো ধরনের মিথ্যা তথ্য প্রদান বা জাল নথি জমা দেওয়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কানাডার অভিবাসন কর্তৃপক্ষ (আইআরসিসি–IRCC)। সম্প্রতি দেশটির অভিবাসন বিভাগ এক সতর্কবার্তায় জানিয়েছে, আবেদনের যেকোনো পর্যায়ে ভুল, বিভ্রান্তিকর বা জাল তথ্য পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মিথ্যা উপস্থাপন কী বলে আইন
কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন (আইআরপিএ–IRPA) অনুযায়ী, পাসপোর্ট, ভিসা, শিক্ষাগত সনদের মতো প্রয়োজনীয় নথিপত্রে যেকোনো ধরনের জালিয়াতি বা পরিবর্তন ‘মিসরিপ্রেজেন্টেশন’ বা মিথ্যা উপস্থাপন হিসেবে গণ্য হয়। আইআরসিসির মতে, যেসব নথি নিয়ে জালিয়াতির ঘটনা বেশি দেখা যায়, সেগুলোর মধ্যে রয়েছে–পাসপোর্ট ও ভ্রমণ নথি, ভিসা, ডিপ্লোমা, ডিগ্রি এবং ট্রেড বা অ্যাপ্রেন্টিসশিপ সনদ, জন্ম, বিয়ে, তালাক, বিয়ে বাতিল, স্বামী-স্ত্রীর পৃথক থাকার সনদ ও মৃত্যুসনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এ ছাড়া আবেদনের সময় কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা বা ভুল তথ্য প্রদানও একই অপরাধের অন্তর্ভুক্ত।
আবেদনকারীর দায়িত্ব অবশ্যম্ভাবী
কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে জোর দিয়ে বলা হয়েছে, আবেদনের ফরম পূরণ বা জমা দেওয়ার কাজটি অন্য কোনো প্রতিনিধি (এজেন্ট বা কনসালট্যান্ট) করলেও আবেদনের সব তথ্যের দায়ভার আবেদনকারীকেই নিতে হবে। ভুল তথ্যের দায় কোনোভাবেই তৃতীয় পক্ষের ওপর চাপিয়ে পার পাওয়ার সুযোগ নেই।
ভয়াবহ পরিণতির সতর্কতা
অভিবাসন বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে, যদি কেউ মিথ্যা তথ্য বা জাল নথি দিয়ে কানাডার ভিসা বা স্থায়ী বসবাসের সুবিধা পাওয়ার চেষ্টা করেন, তবে তাঁদের ক্ষেত্রে নিচের ব্যবস্থাগুলো নেওয়া হতে পারে:
- আবেদন বাতিল: অভিযুক্ত ব্যক্তির বর্তমান আবেদনটি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করা হবে।
- পাঁচ বছরের নিষেধাজ্ঞা: মিথ্যা তথ্য প্রদানকারী ব্যক্তিকে অন্তত পাঁচ বছরের জন্য কানাডায় প্রবেশ বা আবার আবেদন করা থেকে নিষিদ্ধ করা হতে পারে।
- স্থায়ী রেকর্ড: ভুক্তভোগীর বিরুদ্ধে প্রতারণার স্থায়ী রেকর্ড তৈরি হবে।
- আইনি পদক্ষেপ ও বহিষ্কার: যদি আবেদনকারী ইতিমধ্যে কানাডায় অবস্থান করেন, তবে তাঁর স্ট্যাটাস বাতিল করে তাঁকে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে। এ ছাড়া পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলাও দায়ের করা হতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ
বিশেষজ্ঞরা কানাডায় অভিবাসনপ্রত্যাশীদের কোনো ধরনের প্রলোভনে পা না দিয়ে এবং অসাধু এজেন্টের পরামর্শ না নিয়ে নিজের আবেদনের সত্যতা যাচাই করার পরামর্শ দিচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে এবং সচেতন হতে কানাডা সরকারের এই লিঙ্কে ভিজিট করার আহ্বান জানানো হয়েছে: https://bit.ly/3XKMqDC।



