বাণিজ্যমন্ত্রীর আশ্বাস: বাংলাদেশ-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে স্পষ্ট জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "আমার অনুরোধ হচ্ছে, এটি নিয়ে এত উদ্বিগ্ন হবেন না। আপনারা যদি কোনও নির্দিষ্ট ধারা নিয়ে আপত্তি বা প্রশ্ন দেখেন, আমাদের কাছে উত্থাপন করবেন। আমরা বিষয়টি দেখবো।" বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই এই চুক্তির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
বৈঠক শেষে মন্ত্রীর বক্তব্য
বুধবার (৪ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, "এ চুক্তি অপরিবর্তনীয় নয়, প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ রয়েছে।" চুক্তিতে এমন উপাদান রয়েছে— যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চুক্তির ইতিবাচক দিক ও সরকারের মনোভাব
তিনি বলেন, "এ চুক্তির বিষয়ে বর্তমান সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। যদিও বিগত অন্তবর্তীকালীন সরকার এ চুক্তি তাদের মেয়াদের শেষ সময়ে তড়িঘড়ি করে সই করেছে।" আব্দুল মুক্তাদির আরও ব্যাখ্যা করেন, দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই চুক্তি সম্পাদিত হয়েছে এবং এটিকে 'হোলসেল নেগেটিভ' বা 'হোলসেল পজিটিভ' হিসেবে দেখার সুযোগ নেই।
বাণিজ্যিক সম্পর্কের বর্তমান অবস্থা
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ সাড়ে ৮ বিলিয়ন ডলারের বেশি এবং দেশটি থেকে প্রায় পৌনে তিন বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়।" একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদারদের একটি বলে তিনি উল্লেখ করেন।
চুক্তির ধারাগুলো ও উভয় পক্ষের সুবিধা
মন্ত্রী বলেন, "চুক্তি তো স্বাক্ষর হয়েছে, সব চুক্তিতেই সাধারণভাবে দুটো পক্ষ থাকে। কয়েকটি ধারা একপক্ষের খুব অনুকূলে হয়। আর কয়েকটি ধারা আরেক পক্ষের খুব অনুকূলে হয়। দুই পক্ষই চেষ্টা করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এমন একটি জায়গায় পৌঁছাতে— যেখানে উভয়ের জন্য একটা উইন-উইন সিচুয়েশন হয়।" এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে, যেগুলোর ওপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারি বলে তিনি মন্তব্য করেন।
চুক্তির বাস্তবতা ও পর্যবেক্ষণ
তিনি বলেন, "আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনও এভাবে দেখছি না। একটা চুক্তি হয়েছে এটি একটি বাস্তবতা।" তিনি আরও বলেন, "আমি নির্দিষ্ট করে চুক্তির কথা বলিনি, আমি যেটা বলেছিলাম— সেটি হলো, আমেরিকান উচ্চতর আদালতে টেরিফের যে ধারাটি ইমারজেন্সি পাওয়ারের যে ধারায় টেরিফ ধার্য করা হয়েছিল। সেই ধারা এই টেরিফ ধার্য করাকে সমর্থন করে না বলার পরে পরিস্থিতিটা বিকাশমান। আমরা বিকাশমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এটি ছিল আমার কথা।"
