লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী বেগমের মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে। তার মৃত্যুর এক মাস পর দেশে আনা হয়েছে মরদেহ। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরদেহ গ্রামে পৌঁছানো
ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মা নদীবেষ্টিত শালেপুর গ্রামের বাসিন্দা ছিলেন দিপালী বেগম। এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিপালীর মরদেহবাহী উড়োজাহাজ অবতরণ করে। সেখানে পরিবারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন তার বাবা শেখ মোফাজেল, বড় ভাই শেখ ওবায়দুল্লাহ ও ছোট বোন লাইজু আক্তার। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত থেকে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
হামলা ও মৃত্যু
পরিবার সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হন দিপালী বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় সেদেশের রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়।
মরদেহ পরিবহন
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরকারি ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সে করে রাতেই মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা। রাত সাড়ে ৩টার দিকে তারা ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটে পৌঁছান। পরে ভোর হওয়ার পর ট্রলারে করে চরভদ্রাসনের আদারচর ঘাটে এসে সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে মরদেহ নেওয়া হয় পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের বাড়িতে।
মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও স্থানীয়দের ভিড় জমে। দীর্ঘ প্রতীক্ষার পর মেয়ের মরদেহ ফিরে পাওয়ায় পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
সরকারি সহায়তা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, ‘আমরা দিপালী বেগমের আত্মার মাগফিরাত কামনা করি। সরকারের পক্ষ থেকে পরিবারের জন্য আরও যা কিছু করার প্রয়োজন, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি।’
দিপালীর ছোট বোন লাইজু আক্তার বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর বোনের লাশটা শেষবারের মতো দেখতে পারছি, এটাই এখন বড় সান্ত্বনা।’
ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী জানান, দাফন খরচ বাবদ বিমানবন্দর থেকেই পরিবারকে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ছাড়া সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দিপালী বেগমকে দাফন করা হবে।



