কানাডায় পিআর পেতে নতুন নিয়ম, উচ্চ বেতনের চাকরি দেবে বাড়তি সুবিধা
কানাডায় পিআর পেতে নতুন নিয়ম, উচ্চ বেতনে চাকরি দেবে সুবিধা

কানাডায় স্থায়ীভাবে বসবাসের কথা ভাবছেন—এমন হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী ও কানাডায় কাজ করা বিদেশি কর্মীর জন্য আসতে পারে নতুন বার্তা। দেশটির জনপ্রিয় অভিবাসন ব্যবস্থা এক্সপ্রেস এন্ট্রিতে বড় ধরনের পরিবর্তনের চিন্তা করছে কানাডা সরকার।

প্রস্তাবিত পরিবর্তন কী?

প্রস্তাবিত এই পরিবর্তনে এমন পেশাজীবীরা বাড়তি সুবিধা পেতে পারেন, যাঁরা তুলনামূলক উচ্চ বেতনে কানাডায় কাজ করছেন বা এ ধরনের চাকরির অফার পেয়েছেন। বিষয়টি নিয়ে বর্তমানে জনমত নিচ্ছে ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)।

কী বদলাতে পারে?

বর্তমানে এক্সপ্রেস এন্ট্রিতে আবেদনকারীদের বিভিন্ন মানদণ্ডে পয়েন্ট দেওয়া হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, যেসব পেশায় কানাডায় তুলনামূলক বেশি বেতন দেওয়া হয়, সেসব পেশার আবেদনকারীরা অতিরিক্ত পয়েন্ট পেতে পারেন। তবে এখনো কোনো নির্দিষ্ট পেশার তালিকা, বেতনসীমা বা পয়েন্ট কাঠামো চূড়ান্ত হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেন এমন ভাবনা?

কানাডা মনে করছে, উচ্চ দক্ষতা ও উচ্চ আয়ের পেশাজীবীরা দেশটির অর্থনীতিতে দ্রুত অবদান রাখতে পারেন। তাঁরা সাধারণত দ্রুত কর্মসংস্থানে যুক্ত হন, বেশি কর দেন এবং শ্রমবাজারের গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণে ভূমিকা রাখেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে দক্ষ কর্মী আকর্ষণের প্রতিযোগিতায় এগিয়ে থাকাও কানাডার বড় লক্ষ্য।

এখনই কি নিয়ম বদলে যাচ্ছে?

না। এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। ২৪ মে পর্যন্ত এ বিষয়ে জনমত নেওয়া হবে। এরপর মতামত বিশ্লেষণ করে সরকার সিদ্ধান্ত নেবে। অভিবাসন বিশ্লেষকদের ধারণা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নতুন নিয়ম কার্যকর হতে আরও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কারা সবচেয়ে বেশি নজরে রাখবেন?

বর্তমানে কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী, পোস্টগ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটধারী কর্মী এবং ভবিষ্যতে এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এটি গুরুত্বপূর্ণ খবর। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, এখনই কোনো গুঞ্জনের ভিত্তিতে পরিকল্পনা বদলে না ফেলে আইআরসিসির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।