বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। এর পেছনে মূল কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক। এই বৈঠকে দুই দেশের সম্পর্ককে ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল’ ভিত্তিতে পুনরায় সংজ্ঞায়িত করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। পাশাপাশি তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়েও আলোচনা করেছেন।
বাজারে স্বর্ণের দাম কত বেড়েছে?
বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে সকাল ০৭:৩২ জিএমটি পর্যন্ত প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে ৪,৭০৭.০৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারি ফিউচার গোল্ডের দামও ০.৪ শতাংশ বেড়ে ৪,৭১৩.৮০ ডলারে পৌঁছেছে। মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফা (ইল্ড) কমে যাওয়ায় বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ বেড়েছে।
বিশেষজ্ঞের মতামত
গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেছেন, দামের এই সামান্য ওঠানামা নতুন বিনিয়োগকারীদের জন্য বাজারে প্রবেশের একটি সুযোগ তৈরি করতে পারে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে স্বর্ণ কেনার জন্য এটি একটি উপযুক্ত সময় হতে পারে।
বৈঠকের অন্যান্য দিক
বেইজিংয়ে দুই দিনের সম্মেলনের শুরুতে শি জিনপিং ট্রাম্পকে জানিয়েছেন যে, বাণিজ্যিক আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ান ইস্যুতে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে নিয়ে যেতে পারে, এমনকি তা সরাসরি সংঘাতের কারণও হতে পারে। এছাড়া গত ফেব্রুয়ারিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে শুরু করা ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প চীনের সহায়তা চাইলেও বিশ্লেষকরা মনে করছেন, কাঙ্ক্ষিত সমর্থন পাওয়া কঠিন হবে।
সূত্র: রয়টার্স



