শিশুরা প্রায়ই এমন কাজ করে যা বড়দের কাছে অদ্ভুত লাগে। জুতা-স্যান্ডেল কামড়ানো তার মধ্যে একটি। অনেক শিশুই হাতের কাছে পেলে জুতা-স্যান্ডেল মুখে দেয়। ঢাকার মিরপুরের ডা. এম আর খান শিশু হাসপাতাল ও শিশুস্বাস্থ্য ইনস্টিটিউটের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লাজিনা শারমিন জানান, বেশির ভাগ শিশুর জন্য এটি স্বাভাবিক আচরণ।
স্বাভাবিক কৌতূহল ও দাঁত ওঠা
হামাগুড়ি শেখার সময় থেকেই শিশুর জগৎ বিস্তৃত হয়। এ সময় হাতের কাছে থাকা জিনিস মুখে দেওয়া স্বাভাবিক। প্রথম দাঁত ওঠার সময়ও কামড়ানোর প্রবণতা বাড়ে, যা জুতা-স্যান্ডেল কামড়ানোর কারণ হতে পারে।
কখন অস্বাভাবিক মনে করবেন?
বোঝার বয়সের আগে এটি স্বাভাবিক, কিন্তু সব ক্ষেত্রে নয়। ডা. লাজিনা শারমিনের মতে, শিশু যদি বোঝার পরও বারবার জুতা-স্যান্ডেল কামড়ায়, বিশেষ করে এক মাস বা তার বেশি সময় ধরে, তবে তা অস্বাভাবিক। পাশাপাশি অন্যান্য অখাদ্য জিনিস কামড়ালেও সতর্ক হতে হবে।
পুষ্টিহীনতা ও মানসিক সমস্যা
অনেক সময় আয়রন বা অন্যান্য পুষ্টি উপাদানের অভাবে শিশু এভাবে কামড়ায়। মানসিক বিকাশজনিত সমস্যাও কারণ হতে পারে। ডা. লাজিনা শারমিন বলেন, এসব ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব এড়াতে দ্রুত শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
কী করবেন?
আচরণ অস্বাভাবিক মনে হলে অবহেলা না করে চিকিৎসা নিন। নইলে সমস্যা জটিল আকার ধারণ করতে পারে, যা শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।



