পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে পুলিশ সদস্যদের ১০ দাবি
পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে পুলিশ সদস্যদের ১০ দাবি

পুলিশ সপ্তাহের প্রথম দিনে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় কাজের পরিবেশ উন্নয়ন, ঝুঁকি কমানো এবং পুলিশের জন্য আলাদা পে-স্কেল চালুসহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন পুলিশ সদস্যরা। রবিবার (১০ মে) পুলিশ সপ্তাহের অনুষ্ঠান শেষে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত কল্যাণ প্যারেডে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এসব দাবি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের জন্য আলাদা বেতন কাঠামোর দাবি

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশের দায়িত্বের ধরন ও পেশাগত ঝুঁকি বিবেচনায় স্বতন্ত্র বেতন কাঠামো চালুর দাবি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাশাপাশি প্রশাসনিক জটিলতা কমাতে অন্যান্য সরকারি ক্যাডারের মতো সময় ও ব্যাচভিত্তিক পদোন্নতি চালুর প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, ৫ বছরে অতিরিক্ত এসপি, ১০ বছরে এসপি এবং ১৪ বছরে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির দাবি জানানো হয়েছে।

পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সাইবার ইউনিট গঠন

সভায় পুলিশ হাসপাতালগুলোর আধুনিকায়ন ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত পুলিশ মেডিক্যাল সার্ভিস চালুর প্রস্তাব দেওয়া হয়। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পৃথক ‘সেন্ট্রাল সাইবার ক্রাইম ইউনিট’ এবং ‘এভিয়েশন পুলিশ ইউনিট’ গঠনের দাবিও ওঠে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দূতাবাসে লিয়াজোঁ অফিসার ও নতুন প্রশিক্ষণ কেন্দ্র

এছাড়া বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে পুলিশের লিয়াজোঁ অফিসার নিয়োগ, সিলেট ও বরিশালে নতুন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় বিশেষায়িত ট্রেনিং ইনস্টিটিউট গড়ার প্রস্তাব দেওয়া হয়। সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণ জোরদারে রংপুরে নতুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) স্থাপনের দাবিও জানানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কাজের চাপ ও ঝুঁকি কমাতে উন্নত আবাসন ও স্বাস্থ্যসেবা

পুলিশ সদস্যদের কাজের চাপ ও ঝুঁকি কমাতে উন্নত আবাসন ব্যবস্থা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং ঝুঁকিভাতা চালুর দাবিও উত্থাপন করা হয়। অতিরিক্ত দায়িত্ব পালনের বিপরীতে ৫০ শতাংশ ওভারটাইম বিল দেওয়ার প্রস্তাবও তুলে ধরা হয়।

তদন্ত কার্যক্রমে মোটরসাইকেল ও জ্বালানি ভাতা

মাঠ পর্যায়ের তদন্ত কার্যক্রম গতিশীল করতে থানার এসআইদের জন্য মোটরসাইকেল ক্রয়ে সুদমুক্ত ঋণ ও জ্বালানি ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জুয়েল বলেন, তদন্ত ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যমান সুবিধা পর্যাপ্ত নয়। যাতায়াত সুবিধা বাড়ানো গেলে তদন্তের গতি বাড়বে।

অনারারি পদোন্নতি ও অবকাঠামো উন্নয়ন

কল্যাণ প্যারেডে খুলনা মেট্রোপলিটন পুলিশের এক নারী কনস্টেবল অবসরের আগে অনারারি পদোন্নতির প্রস্তাব দেন। তার মতে, অনেক সদস্য একই পদে অবসর নেন। সেনাবাহিনীর মতো অবসরের আগে অন্তত এক ধাপ পদোন্নতি দিলে সদস্যদের মনোবল বাড়বে। এছাড়া বিভিন্ন ইউনিট, ব্যারাক ও থানা ভবনের অবকাঠামো উন্নয়নে নতুন বরাদ্দ চালুর দাবিও জানানো হয়। কর্মকর্তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে এসব খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে পুলিশের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের চেষ্টা করা হবে।