গ্রিন ভ্যালি পার্কে বিদেশি নাগরিক হয়রানি: টিকটকার গ্রেফতার
গ্রিন ভ্যালি পার্কে বিদেশি হয়রানি: টিকটকার গ্রেফতার

নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই বিদেশি নাগরিককে হয়রানির ঘটনায় এক টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযান ও গ্রেফতার

রবিবার (১০ মে) নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রাম থেকে আমিনুল ইসলাম (২৯) নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের তমির উদ্দিনের ছেলে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে রাজশাহীর তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে রাসেল ইসলামকে (২৩)। তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার বিবরণ

পুলিশ ও পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ৮ মে ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ নামের একটি অনুষ্ঠানের জন্য শতাধিক তরুণ-তরুণী পার্কে সমবেত হন। দুপুর আড়াইটার দিকে পার্কের ‘সন্ধ্যা মালতি’ পিকনিক স্পটের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিকের পথরোধ করেন কয়েকজন যুবক। এ সময় তারা অশ্লীল মন্তব্য করে তাদের হেনস্তা করে এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। খবর পেয়ে পার্কের ব্যবস্থাপক এস এম ওয়াজেদুর রহমান ও কর্মচারীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিডিও ভাইরাল ও মামলা

পরদিন শনিবার (৯ মে) হয়রানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় শনিবার পার্কের ব্যবস্থাপক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে রবিবার লালপুর থানা পুলিশ নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দেশের ভাবমূর্তি রক্ষায় এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে।