মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার ব্যক্তিগত অনুরোধের কারণে চীন, রাশিয়া ও তুরস্ক ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি অংশ নেয়নি। বুধবার (২৪ জুন) এক বক্তব্যে তিনি এ তথ্য জানান। খবর তাসের।
তুরস্কের অবস্থান
ট্রাম্প বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান যুদ্ধের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এরদোগানকে সম্ভাব্য যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম নেতা হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পের মতে, এরদোগান ইসরাইলের বড় সমর্থক নন এবং তিনি চাইলে ইরানের পক্ষেও যেতে পারতেন। ট্রাম্প বলেন, 'আমি তাকে যুদ্ধের বাইরে থাকতে বলেছিলাম এবং তিনি তা-ই করেছেন।'
চীনের নিরপেক্ষতা
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্য থেকে চীনের বিপুল পরিমাণ তেল আমদানি হওয়ায় বেইজিং চাইলে সংঘাতে জড়াতে পারত। তবে তার অনুরোধের পর শি জিনপিং নিরপেক্ষ অবস্থানে থেকেছেন। ট্রাম্প বলেন, 'আমি প্রেসিডেন্ট শিকে অনুরোধ করেছিলাম যেন তিনি এ সংঘাতে না জড়ান। তিনি আমার অনুরোধ রেখেছেন।'
রাশিয়ার ভূমিকা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কেও একই মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, 'পুতিনও যুদ্ধের বাইরে থেকেছেন। যদিও তার মনোযোগ দেওয়ার মতো আরও অনেক বিষয় রয়েছে, তারপরও তিনি সরাসরি জড়াননি।' ট্রাম্পের মতে, বিশ্বের প্রভাবশালী এই তিন নেতা সংঘাত থেকে দূরে থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠা থেকে রক্ষা পেয়েছে। তিনি বলেন, 'তারা সবাই যুদ্ধের বাইরে থেকেছেন। সত্যি বলতে, এটি ছিল বেশ অবিশ্বাস্য একটি বিষয়।'



