গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ২৯ শিশু
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৯০১ জন।
মৃত্যুর বিস্তারিত
হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও বরিশালে ওই তিন শিশু মারা যায়। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৫৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু।
মোট আক্রান্ত ও হাসপাতালে ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩২৬ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২৩ হাজার ২২৫ শিশু।
গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৮৩১ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৯ হাজার ২৩৪ জন।



