ঈদের সময় বাচ্চাদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। শনিবার (২৩ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাম আক্রান্ত শিশুদের ভিড় এড়ানোর নির্দেশ
মন্ত্রী বলেন, “আমরা অনুরোধ করছি, ঈদের সময় মায়েরা যেন হাম আক্রান্ত শিশুদের নিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে না যায়। অনেক ভিড় আছে এমন জায়গায় তাদের যেন না নিয়ে যায়। ভালো বাচ্চাদেরকে অথবা হাম আক্রান্তদেরকে যাতে অন্য কারও সঙ্গে মিশতে না দেয়, এই ব্যাপারে আপনারা একটু সতর্ক করবেন সবাইকে।”
হামের সংক্রমণ ও প্রতিরোধ
সাখাওয়াত হোসেন বলেন, “হাম হাইলি ছোঁয়াচে রোগ, যা শ্বাসপ্রশ্বাস ও ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। কাজেই সবার সজাগ থাকতে হবে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, হাম আক্রান্তের সংস্পর্শে এলে রোগীর বেড়ে যাওয়ার সম্ভাবন রয়েছে।”
এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, অতীত নিয়ে তিনি খুব বেশি কথা বলতে চান না এবং সমালোচনাও করতে চান না। তবে টিকার বিষয়ে বিগত সরকারের ব্যর্থতার কারণে পরিস্থিতি জটিল হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।



