স্ক্যাপুলা ফ্র্যাকচার: কাঁধের হাড় ভাঙার লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়
স্ক্যাপুলা ফ্র্যাকচার: কাঁধের হাড় ভাঙার লক্ষণ ও চিকিৎসা

স্ক্যাপুলা ফ্র্যাকচার: কাঁধের হাড় ভাঙার কারণ ও প্রভাব

দুর্ঘটনা বা ভারী আঘাতে কাঁধের পেছনের ত্রিভুজাকৃতির হাড়, যাকে স্ক্যাপুলা বা কাঁধের ব্লেড বলা হয়, তা ভেঙে যেতে পারে। এই হাড়টি পিঠের ওপরের অংশে অবস্থিত এবং কাঁধের জোড়া গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বাহুর নড়াচড়ার সঙ্গে সরাসরি যুক্ত থাকে, বিভিন্ন পেশি ও লিগামেন্টের মাধ্যমে হাত ওঠানো, ঘোরানো বা অন্যান্য কার্যক্রমে সাহায্য করে। ফলে স্ক্যাপুলায় আঘাত লাগলে পুরো কাঁধের কার্যক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়, দৈনন্দিন কাজকর্মে বাধার সৃষ্টি করে।

লক্ষণ ও রোগ নির্ণয়ের পদ্ধতি

স্ক্যাপুলা ফ্র্যাকচারের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে কাঁধ বা পিঠের ওপরের অংশে তীব্র ব্যথা অনুভব করা, কাঁধ নড়াচড়া করতে অসুবিধা হওয়া, কাঁধের পেছনে ফোলা বা কালচে দাগ দেখা দেওয়া, হাত তুলতে বা ঘোরাতে কষ্ট হওয়া এবং গভীর শ্বাস নিলে ব্যথা বেড়ে যাওয়া। অনেক ক্ষেত্রে এই আঘাতের সঙ্গে পাঁজরের হাড় ভাঙলে শ্বাসকষ্টের মতো জটিলতা দেখা দিতে পারে। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

চিকিৎসক প্রথমে রোগীর শারীরিক পরীক্ষা করেন এবং আঘাতের বিস্তারিত ইতিহাস সংগ্রহ করেন। এরপর এক্স-রে, সিটি স্ক্যান বা অন্যান্য ইমেজিং পরীক্ষার মাধ্যমে হাড়ের ভাঙনের সঠিক ধরন ও মাত্রা নির্ণয় করা হয়। এই পরীক্ষাগুলো থেকে বোঝা যায় ভাঙন কতটা গুরুতর এবং কী ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োজন হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসার ধাপ ও পদ্ধতি

স্ক্যাপুলা ফ্র্যাকচারের চিকিৎসা আঘাতের মাত্রা ও ভাঙনের ধরন অনুযায়ী নির্ধারিত হয়। অধিকাংশ ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসা সম্ভব হয়। রোগীকে কয়েক সপ্তাহ ধরে কাঁধ স্থির রাখতে স্লিং বা সাপোর্ট ব্যবহার করতে হয়, যাতে হাড় ধীরে ধীরে জোড়া লাগতে পারে। ব্যথা ও প্রদাহ কমানোর জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ সেবন করা হয়। হাড় জোড়া লাগার পর ধীরে ধীরে কাঁধের শক্তি ও নড়াচড়া ফিরিয়ে আনতে ফিজিওথেরাপির ভূমিকা অপরিহার্য।

যদি হাড়ের অংশ বেশি সরে যায়, ভাঙন জটিল আকার ধারণ করে বা কাঁধের জোড়ায় অন্যান্য সমস্যা তৈরি হয়, তখন অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। অস্ত্রোপচারের মাধ্যমে হাড়কে সঠিক অবস্থানে বসানো হয় এবং স্থায়ী ক্ষতি রোধ করা সম্ভব হয়।

প্রতিরোধ ও সতর্কতা মূলক ব্যবস্থা

দুর্ঘটনা থেকে নিজেকে নিরাপদ রাখা স্ক্যাপুলা ফ্র্যাকচার প্রতিরোধের প্রধান উপায়। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করা, খেলাধুলার সময় সুরক্ষা সরঞ্জাম পরিধান করা এবং ভারী কাজের সময় সতর্কতা অবলম্বন করা জরুরি। এই সাধারণ সতর্কতাগুলো মেনে চললে আঘাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যায়।

স্ক্যাপুলা ফ্র্যাকচার খুব সাধারণ আঘাত না হলেও এটি অত্যন্ত গুরুতর হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না নিলে কাঁধের নড়াচড়া দীর্ঘদিনের জন্য সীমিত হয়ে যেতে পারে, যা জীবনযাত্রার মানকে প্রভাবিত করে। তাই কাঁধে গুরুতর আঘাত লাগলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ ও কার্যকরী পদক্ষেপ।

লেখক: অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন, আর্থ্রোস্কোপিক সার্জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকা।