সাদা চুল তুললে দুটি গজায়? বিজ্ঞানীরা বলছেন, এটি একটি প্রচলিত ভুল ধারণা
সাদা চুল তুললে দুটি গজায়? বিজ্ঞান বলছে না

সাদা চুল তুললে দুটি গজায়? বিজ্ঞান বলছে না

অনেকের মধ্যে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, মাথা থেকে একটি সাদা চুল তুলে ফেললে সেখানে নতুন দুটি পাকা চুল গজায়। কিন্তু চর্মরোগবিজ্ঞানীরা স্পষ্ট করে দিয়েছেন, এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। বরং বারবার চুল টেনে তুললে উল্টো ক্ষতিই হতে পারে, যা স্থায়ী চুল পড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে।

বিজ্ঞান কী বলে?

আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের চর্মরোগবিজ্ঞানী অধ্যাপক ডেসমন্ড টোবিন দ্য গার্ডিয়ানকে বলেন, "যদি সত্যিই একটি চুল তুলে ফেললে তার জায়গায় আরও বেশি চুল গজাত, তাহলে চুল পাতলা হয়ে যাওয়া মানুষের জন্য এটি দারুণ এক সমাধান হতো। কিন্তু দুঃখজনকভাবে বাস্তবে তা হয় না।"

আমাদের মাথার ত্বকে অসংখ্য ফলিকল বা ক্ষুদ্র চুল তৈরির কারখানা থাকে। প্রতিটি ফলিকল থেকে সাধারণত একটি করে চুল গজায়। তাই একটি চুল তুলে ফেললে একই ফলিকল থেকে একাধিক চুল গজানোর কোনো সুযোগ নেই। বরং বারবার চুল টেনে তুললে উল্টো সমস্যা তৈরি হতে পারে।

ফলিকল ক্ষতির ঝুঁকি

দীর্ঘদিন ধরে এমন করলে ফলিকল ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে এবং একসময় সেই জায়গা থেকে আর চুলই না গজাতে পারে। অধ্যাপক টোবিন উদাহরণ হিসেবে ১৯৯০-এর দশক ও ২০০০-এর দশকের শুরুর সময়কার খুব পাতলা ভ্রু রাখার ফ্যাশনের কথা উল্লেখ করেন। তখন অনেকেই অতিরিক্ত ভ্রু তুলে ফেলত। পরে দেখা যায়, অনেকের ভ্রুর ফলিকল এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে আর পশমই গজায়নি।

তিনি বলেন, "তারা একটির বদলে দুটি চুল তো পায়নি, বরং একটিও পায়নি।"

চুল তুললে কী হয়?

চুল টেনে তুললে সবচেয়ে বড় সমস্যা হলো চুলের ক্ষতি হওয়া। টোবিন বলেন, চুল তুলতে গিয়ে কখনো চুল ভেঙে যেতে পারে, আবার কখনো পুরো গোড়াসহ বেরিয়ে আসতে পারে। কখনো কখনো ত্বকে ছোট রক্তবিন্দুও দেখা যায়। তখন বোঝা যায়, ফলিকলটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন সেটি আর আগের মতো কাজ না–ও করতে পারে।

সাদা চুল হওয়ার কারণ

চুলের রং নির্ধারণ করে মেলানিন নামের প্রোটিন। তাহলে কি সাদা চুল হওয়া ঠেকানোর কোনো উপায় আছে? টোবিন বলেন, এর বেশির ভাগই নির্ভর করে জেনেটিকস বা বংশগত বৈশিষ্ট্যের ওপর। পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়দের দিকে তাকালেই অনেক সময় বোঝা যায়, কার কখন চুল সাদা হতে শুরু করবে।

তবে দীর্ঘদিনের মানসিক চাপ, কম ঘুম বা পুষ্টির ঘাটতি শরীরের বার্ধক্যপ্রক্রিয়াকে কিছুটা দ্রুত করতে পারে। এর ফলে চুলের রং পরিবর্তনও দ্রুত হতে পারে। তবে সাদা চুল মানেই খারাপ কিছু নয়। অনেক ক্ষেত্রে সাদা চুল রঙিন চুলের মতোই ভালোভাবে বাড়ে। কখনো কখনো আরও ভালোভাবে বাড়ে।

অধ্যাপক টোবিন বলেন, "সম্ভবত সাদা বা ধূসর চুলের বৃদ্ধির গতি কিছুটা বেশি।" উদাহরণ হিসেবে অনেক পুরুষের ক্ষেত্রে দেখা যায়, সাদা চুল কেটে ফেলার পর অন্য চুলের তুলনায় সাদাগুলো একটু দ্রুত লম্বা হয়।

সুতরাং, সাদা চুল তুলে ফেললে দুটি চুল গজানোর ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন। বরং চুল তুললে ফলিকল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে, যা দীর্ঘমেয়াদে চুল পড়ার কারণ হতে পারে।