পীরগঞ্জে সেচঘর থেকে কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার
পীরগঞ্জে সেচঘর থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় একটি সেচঘর থেকে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হয়।

নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত মফিজার রহমান রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন বলে পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মফিজার রহমান গতকাল বুধবার উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর মাঠে সেচঘরে পাহারা দিতে যান। আজ সকালে ওই এলাকার শহিদুল ইসলাম নামের এক কৃষক গরু নিয়ে মাঠে যাওয়ার সময় সেচঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খোলা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে গিয়ে মফিজারের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

হত্যার কারণ ও তদন্ত

স্থানীয় মানুষের ধারণা, গভীর রাতে সেচের ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে দুর্বৃত্তরা। তারা ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ‘উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা কাজ করছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ