চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৩৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে দুইজন উপজেলার এবং বাকি ৩৭ জন নগরীর বাসিন্দা। রোববার (৩ মে) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
হাসপাতালে ভর্তি ও ছাড়পত্রের পরিসংখ্যান
এদিন সুস্থ হওয়ায় নগরীর ৫২ জন এবং উপজেলার দুইজনসহ মোট ৫৪ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২২৫ জন।
নিশ্চিত হাম শনাক্তের তথ্য
তবে ঢাকায় পরীক্ষার রিপোর্ট না আসায় এদিন নতুন করে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা জানাতে পারেনি সিভিল সার্জন কার্যালয়। জানা গেছে, চট্টগ্রাম নগরী ও উপজেলায় এ পর্যন্ত ৯০ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৬২ জন এবং উপজেলার ২৮ জন।
নমুনা পরীক্ষার অগ্রগতি
চট্টগ্রাম থেকে নতুন করে ৩৭ জনের নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৭৩১ জনের নমুনা পাঠানো হলো, যার মধ্যে নগরীর ৫৯৫ জন এবং উপজেলার ১৩৬ জন।
এর আগে শনিবার উপসর্গ নিয়ে নগরীর ২৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।
সিভিল সার্জনের বক্তব্য
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ৩৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এ পর্যন্ত নগরী ও উপজেলার মোট ৬৪৩ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।



