শুক্রবার (২৪ এপ্রিল) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু
দেশে হাম এবং এ রোগের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তারা মারা যায়। এর মধ্যে তিন জন হামে এবং চার জন উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে।
সম্ভাব্য ব্যয় ৩ হাজার কোটি টাকা: বগুড়ায় চালু হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত বিমানবন্দর
বগুড়ায় চালু হচ্ছে দীর্ঘদিন ধরে পরিকল্পিত ও প্রত্যাশিত বিমানবন্দর। এই প্রকল্পের জন্য সম্ভাব্যতা যাচাই, মাস্টারপ্ল্যান তৈরি, রানওয়ে ও পেভমেন্ট ডিজাইন এবং নতুন টার্মিনাল ভবনের নকশাসহ সব ধরনের কারিগরি সহায়তা দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।
কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতা দিয়ে পেটালেন বিএনপি নেতা
রাজশাহীর দুর্গাপুরে ডিগ্রি পরীক্ষা চলাকারে ১৪৪ ধারা ভঙ্গ করে কলেজে হামলা চালিয়ে অফিসকক্ষ ভাঙচুর ও অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, এক নারী শিক্ষককে জুতা দিয়ে পেটাচ্ছেন এক বিএনপি নেতা।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এখন ‘ইচ্ছাশক্তির লড়াই’
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এখন আর কেবল বোমাবর্ষণের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা পরিণত হয়েছে এক চরম অস্থির ও ব্যয়বহুল ইচ্ছাশক্তির লড়াইয়ে। ৭ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে সরাসরি সামরিক সংঘাতের চেয়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া অচলাবস্থাই এখন দুই দেশের সম্পর্কের মূল চালিকাশক্তি। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলেও, কোনও পক্ষই তাদের অবস্থানে ছাড় দিতে রাজি নয়।
এবার লাল-সবুজের জার্সিতে মাঠ মাতাতে আসছেন ইংল্যান্ড প্রবাসী অ্যাডাম ও জিদান
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশের শক্তি এবার আরও বহুগুণ বেড়ে যাচ্ছে। রোনান ও ডেকলান সুলিভানের পর এবার লাল-সবুজের জার্সিতে মাঠ মাতাতে আসছেন ইংল্যান্ড প্রবাসী দুই প্রতিভাবান ফুটবলার অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ। ভিডিও বার্তায় এই সুখবর নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।



