নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে মুষড়ে পড়েছে পরিবার।
দুই শিশুর পরিচয়
মারা যাওয়া শিশুরা হলো আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২)। তারা নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের সন্তান।
ঘটনার বিবরণ
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ছোট ছেলে ওমর ফারুককে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়েছিলেন তাদের মা। সেই সুযোগে কোনো একসময় ঘর থেকে বেরিয়ে খেলতে যায় আবু বক্কর ও ওমর ফারুক। সকাল ১০টার দিকে মায়ের ঘুম ভাঙলে তিনি দুই সন্তানকে বাড়িতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও খুঁজে পাননি।
পরে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির কাছের একটি পুকুরে খোঁজ করতে নামেন স্থানীয় বাসিন্দারা। সেখানে পুকুর থেকে আবু বক্কর ও ওমর ফারুককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



