প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে যা খাবেন
প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে যা খাবেন

দেশজুড়ে চলমান তাপপ্রবাহে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। এই গরমে হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। এ ছাড়া তাপপ্রবাহে শরীরে পানিশূন্যতা দেখা দেয় এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়। ফলে মানুষ অজ্ঞান হয়ে মারা যেতে পারে।

তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি

তীব্র গরমে পেশিতে টান, ক্লান্তি, মাথাব্যথা, বমি বমি ভাব ও হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে। কোষ্ঠকাঠিন্য ও প্রস্রাবে জ্বালাপোড়াও হতে পারে। দীর্ঘ মেয়াদে কিডনিতে পাথর বা কিডনি সংক্রমণের ঝুঁকি বাড়ে। প্রবীণ, শিশু, হৃদরোগী ও অতিরিক্ত ওজনের ব্যক্তিদের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি।

পানিশূন্যতা প্রতিরোধে খাবার

পানিশূন্যতা ও লবণশূন্যতা প্রতিরোধে এমন খাবার খেতে হবে, যা শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন করবে না এবং শরীর থেকে তাপ অপসারণ করবে। সেই সঙ্গে শরীরে পানি ও ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফলের রস

সারা দিনে ৫০০ মিলিলিটার ফলের রস পান করুন, যেমন তরমুজ, আনারস, পেঁপে, বেল, তেঁতুল ও মাল্টার রস। পানি শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে, আর ভিটামিন ও খনিজ পেশির কর্মক্ষমতা বজায় রাখে।

টক দইয়ের লাচ্ছি

টক দইয়ের লাচ্ছি হিট স্ট্রোক প্রতিরোধে একটি চমৎকার খাবার। এটি পর্যাপ্ত পানি, ভিটামিন, মিনারেল ও প্রোবায়োটিক সরবরাহ করে। টক দই শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে এবং এর ফাইবার শরীরে পানি ধরে রাখে।

বিশুদ্ধ পানি

প্রচণ্ড গরমে কিছুটা বেশি পানি পান করতে হবে। তবে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি পান করা ঠিক নয়।

পাতলা ঝোলের তরকারি

কম মসলাযুক্ত পাতলা ঝোলের তরকারি খাওয়া ভালো। লাউ, চালকুমড়া, ঝিঙে, পটোল, চিচিঙ্গার মতো সবজি পাতলা ঝোল করে রান্না করে খান। প্রোটিনের জন্য শিং, পুঁটি, ট্যাংরা, পাবদা মাছ পাতলা ঝোল করে খান। মাংস যতটা সম্ভব কম খান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খাওয়ার স্যালাইন

পানিশূন্যতা রোধে খাওয়ার স্যালাইন গুরুত্বপূর্ণ। এটি ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে স্নায়ুকে কর্মক্ষম রাখে। প্রতিদিন ৫০০ মিলিলিটার খাওয়ার স্যালাইন খাওয়া যেতে পারে।

ডাবের পানি

কচি ডাবের পানি বিভিন্ন লবণে সমৃদ্ধ। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষায় একটি চমৎকার পানীয়।

মো. ইকবাল হোসেন, জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল।