চট্টগ্রামে সেপটিক ট্যাংকে গ্যাসে চার শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে চার শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে নগরীর ডবলমুরিং থানা এলাকা এবং রাউজান উপজেলায় পৃথক দুটি ঘটনায় এ মৃত্যু ঘটে।

রাউজানের ঘটনা

রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঝিকুটি পাড়া এলাকায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা যান দুই নির্মাণশ্রমিক। নিহতরা হলেন রাউজান নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন এলাকার প্রদীপ দাশ ও বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার সমীরণ দাশ।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ সেপটিক ট্যাংকে নামার পর ট্যাংকে জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নামা সমীরণও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “উপজেলার নোয়াপাড়া এলাকায় সেপটিক ট্যাংকের কাজ করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা পেশায় নির্মাণ শ্রমিক।”

ডবলমুরিংয়ের ঘটনা

অপরদিকে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরের ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এলাকায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিক মারা গেছেন। এরা হলেন সাকিব (২৫) ও হৃদয় (২৪)। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ধনিয়ালাপাড়া এলাকার নুরুল হুদা নামে এক ব্যক্তির ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ওই দুই যুবক ভেতরে নামেন। ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ