স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গণমাধ্যমের প্রতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণের বিশেষ অনুরোধ জানিয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, সব ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ তামাক বিজ্ঞাপন, প্রচারণা ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।
আইনের আওতায় নিষিদ্ধ কার্যক্রম
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আইন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপ, সিনেমা, নাটক ও ডকুমেন্টারি-সহ সব ক্ষেত্রে তামাক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে।
আইন সংশোধনের পটভূমি
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ শক্তিশালী করার লক্ষ্যে এই আইন সংশোধন করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়। আইনটি চলতি বছরের ১০ এপ্রিল সংসদে পাস হয় এবং সাথে সাথে কার্যকর হয়।
আইনের ৫ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা
আইনের ৫ ধারার (গ) উপধারা অনুযায়ী, কোনো সিনেমা হলে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়, ইন্টারনেট মিডিয়ায়, ওয়েবসাইটে, ওয়েবপেজে, ইলেকট্রনিক মেইলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাক বা তামাকজাত দ্রব্যের কোনো বিজ্ঞাপন সম্প্রচার করা যাবে না।
একই ধারার (ঙ) উপধারা অনুযায়ী, বাংলাদেশে নির্মিত বা বাংলাদেশে উপলব্ধ ও বিতরণকৃত বা বিদেশে নির্মিত কোনো চলচ্চিত্র, নাটক বা ডকুমেন্টারিতে তামাকজাত দ্রব্য ও ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ব্যবহারের দৃশ্য এবং তামাকজাত দ্রব্যের প্যাকেজিং টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপ, মঞ্চ পরিবেশনা বা অন্য কোনো গণমাধ্যমে সম্প্রচার, প্রদর্শন বা বর্ণনা করা যাবে না।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের বিশেষ আহ্বান
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’-এর বিধান কার্যকরভাবে বাস্তবায়নের জন্য জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল সব সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল, রেডিও, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল-সহ সব প্রাসঙ্গিক গণমাধ্যমকে যেকোনো ধরনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন সম্প্রচার থেকে বিরত থাকার বিশেষ আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সিনেমা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সব পক্ষকে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।



