সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল ৭টার দিকে তাকে সুন্দরবন থেকে লোকালয়ে উদ্ধার করে আনেন অন্য মৌয়ালরা।
ঘটনার বিবরণ
রবিবার সকাল ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে বাঘের আক্রমণের শিকার হন তিনি। বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু আহরণ করছিলেন। হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার ঝোপের আড়াল থেকে এসে বাবলু গাজীর ওপর হামলে পড়ে। এ সময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশে রওনা হন তারা।
চিকিৎসা ও পরিবারের প্রতিক্রিয়া
সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে সাতক্ষীরার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। বাবলু গাজীর পিতা মালেক গাজী বলেন, আমরা একসঙ্গে মধু ভাঙছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনও জীবিত আছে।
বন বিভাগের বক্তব্য
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন বলেন, বিষয়টি আমরা মাত্র জানতে পেরেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।



