কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় গত চার মাসে হাম উপসর্গে মোট ৯ শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
সর্বশেষ মৃত্যুর ঘটনা
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, রোববার গভীর রাতে মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাব্বির ৭ মাস বয়সী সন্তান রাইয়ান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা
সিভিল সার্জন কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৭ জন রোগী ভর্তি হয়েছে। চলতি বছর হামের প্রাদুর্ভাব বাড়ার পর কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ১ হাজার ২৪ জন হাম উপসর্গে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৬৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।



