ফরিদপুরে ত্রিশ হাজার ইয়াবাসহ আশরাফুজ্জামান লিটু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রবিবার (২৬ এপ্রিল) বিকালে ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই মাদক ব্যবসায়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভবানীপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে।
গ্রেফতারের বিবরণ
জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সাতক্ষীরা লাইন নামে একটি বাসে সাতক্ষীরা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় আশরাফুজ্জামান লিটুকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি করলে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ত্রিশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বক্তব্য
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শিরিন আক্তার বলেন, 'দেশের দক্ষিণপশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। মাদক ব্যবসায়ীরা এই রুটকে ব্যবহার করে মাদক পরিবহন করে আসছিল। গত একমাসে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হয়। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।'
মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।



