ফরিদপুরে পদ্মা নদীতে জেলের বড়শিতে কুমির ধরা
ফরিদপুরে পদ্মা নদীতে জেলের বড়শিতে কুমির ধরা

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে একটি কুমির। সোমবার ভোররাতে কুমিরটি ধরা পড়ে। পরে সকালে সেটি নিয়ে জেলেরা ঘাটে আসেন। খবর পেয়ে কুমির উদ্ধার করতে খুলনা থেকে রওনা দিয়েছে বন বিভাগের একটি দল।

স্থানীয়দের বক্তব্য

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো মাছ ধরার সময় গোপালপুর ঘাটের কাছে জেলেদের হাজারি বড়শিতে একটি কুমির আটকে যায়। পরে জেলেরা কুমিরটিকে আটকে সকালে স্থানীয় কাজি বাড়ির ঘাটে নিয়ে আসেন। কুমির ধরা পড়ার কথা শুনে দেখতে ভিড় করে উৎসুক জনতা।

স্থানীয় স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারি ও বিল্লাল খান জানান, প্রতিদিনের মতোন তারা নদীতে বড়শি ফেলেন মাছ ধরার জন্য। কুমিরটি স্বপন ব্যাপারীর বড়শিতে আটকে যায়। পরে সবাই মিলে উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করতে পাড়ে নিয়ে আসেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের পদক্ষেপ

খবর পেয়ে স্থানীয় বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, ‘কুমিরটির বিষয়ে আমরা বন বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা এটি উদ্ধার করে বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করবে। এখন ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বন বিভাগের প্রতিক্রিয়া

চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ফজলে করিম বলেন, ‘এটি কোন প্রজাতির কুমির তা আমাদের বিশেষজ্ঞরা না আসলে বলতে পারবো না। খুলনা থেকে আমাদের টিম রওনা দিয়েছে, তারা আসলে কুমিরটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেবেন এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ