চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে নগরীর আরও ৫৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হওয়ায় ২৮ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৯১ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য
রোববার (২৬ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে ঢাকা থেকে পরীক্ষার রিপোর্ট না আসায় এদিন নতুন করে হাম আক্রান্তের সংখ্যা জানাতে পারেনি সিভিল সার্জন কার্যালয়।
হাম শনাক্তের পরিসংখ্যান
সূত্র জানায়, চট্টগ্রাম নগরী ও উপজেলায় এ পর্যন্ত ৭৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৫৪ জন এবং উপজেলার ২৪ জন শিশু রয়েছে। সর্বশেষ রোববার নতুন করে ২২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে মোট ৫৮৯ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে নগরীর ৪৬৬ জন এবং উপজেলার ১২৩ জন।
শনিবারের ঘটনা
এর আগে শনিবার নগরীর আরও ৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়।
সিভিল সার্জনের বক্তব্য
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হামের উপসর্গ নিয়ে আরও ৫৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, এখন পর্যন্ত নগরী ও উপজেলার ৪৩৬ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।



