ইবোলার টিকা আসতে আরও ৯ মাস, জানাল ডব্লিউএইচও
ইবোলার টিকা আসতে আরও ৯ মাস, জানাল ডব্লিউএইচও

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ ইবোলার টিকা বাজারে আসতে আরও ৯ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির উপদেষ্টা ড. ভাসি মূর্তি বুধবার (২০ মে) জেনেভায় ডব্লিউএইচও’র সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

টিকা তৈরির অগ্রগতি

ড. মূর্তি বলেন, ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও প্রজাতির বিস্তার থামাতে দুটি সম্ভাব্য ক্যান্ডিডেট ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছে। তবে টিকা দুটি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছায়নি। টিকা সম্পূর্ণভাবে তৈরি এবং ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হতে ৯ মাস সময় লাগতে পারে।

কঙ্গো ও উগান্ডায় ইবোলা পরিস্থিতি

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) কঙ্গোতে ইবোলা প্রায় মহামারি পর্যায়ে ছড়িয়ে পড়েছে। ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস মঙ্গলবার এক বিবৃতিতে জানান, কঙ্গোতে ইবোলার উপসর্গজনিত কারণে এ পর্যন্ত ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬০০ জনের মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংবাদ সম্মেলনে ড. মূর্তি আরও জানান, কঙ্গোতে উপসর্গ দেখা দেওয়া ৫১ জন ইবোলায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া প্রতিবেশি উগান্ডাতেও ইবোলায় আক্রান্ত হয়েছেন ২ জন। কঙ্গোর নিশ্চিত আক্রান্তরা দেশটির পূর্বাঞ্চলীয় দুই প্রদেশ ইতুরি এবং উত্তর কিভুর বাসিন্দা, আর উগান্ডার আক্রান্তরা রাজধানী কামপালায় বসবাস করেন।

জরুরি অবস্থা ও আন্তর্জাতিক সহায়তা

কঙ্গোতে ইবোলার বিধ্বংসী প্রাদুর্ভাবের জেরে গত ১৭ মে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও। তবে সংস্থাটি জানায়, এই প্রাদুর্ভাব এখনও বৈশ্বিক মহামারি পর্যায়ে পৌঁছায়নি। তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যালোচনা অনুযায়ী, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে উচ্চমাত্রার মহামারি হলেও এখনও বৈশ্বিক মহামারির পর্যায়ে উন্নীত হয়নি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কঙ্গোতে ইবোলা নিয়ন্ত্রণে যুক্তরাজ্য ইতোমধ্যে ২ কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩২৯ কোটি ৪১ লাখ টাকা) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। এই অর্থ সামনের সারির স্বাস্থ্যকর্মীদের ভাতা, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এবং রোগটিকে নজরদারির মধ্যে রাখার কাজে ব্যয় করা হবে।