সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫ শিশু এবং নিশ্চিত হামে ১ শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য
রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৪ শিশু।
মার্চ থেকে মোট পরিসংখ্যান
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৫ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৭৬৭ শিশু। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু।
স্বাস্থ্য কর্মকর্তারা হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের আহ্বান জানানো হয়েছে।



