নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাটে অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় শঙ্কর (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় দগ্ধ অপর ১১ জনের মধ্যে পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মৃত্যুর খবর নিশ্চিত করলেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, “সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শঙ্কর নামে একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় দগ্ধ পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছে।”
ঘটনার বিবরণ
এর আগে, গতকাল বুধবার (১৩ মে) দুপুরে জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধদের অবস্থা
জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়, দগ্ধদের মধ্যে আমিরের (২৫) শরীরের ৮০ শতাংশ, কাওসারের (৩০) ৫৯ শতাংশ, আল আমিনের (৪০) ২২ শতাংশ এবং নাজমুল শেখের (৪০) ১৩ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধদের সহকর্মীরা জানান, মেঘনা ঘাটে অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে নিজস্ব ক্যানটিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যানটিনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। পরে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, ক্যানটিনের গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে।



