হামের টিকা সরবরাহে অব্যবস্থাপনার অভিযোগ তুলে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচারের দাবি জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। বুধবার (১৩ মে) বিকালে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সহজে প্রতিরোধযোগ্য হাম রোগে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার এবং নিহত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণ
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানববন্ধনে ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, কৃষিবিদ ও প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, ইউনিসেফের সহায়তায় পরিচালিত নিয়মিত টিকাদান কর্মসূচির কারণে বাংলাদেশে হাম অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা সংগ্রহে অনিয়ম ও দীর্ঘসূত্রিতার কারণে পরিস্থিতির অবনতি ঘটে। তাদের দাবি, টিকা ক্রয়ে বিলম্বের ফলে বিপুলসংখ্যক শিশু ঝুঁকির মধ্যে পড়ে।
মৃত্যুর সংখ্যা ও ক্ষতিপূরণের দাবি
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সরকারি হিসাবে প্রায় ৫০০ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা এক হাজারের বেশি হতে পারে। এছাড়া আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ শিশু। এসব মৃত্যুকে তারা ‘অবহেলাজনিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন। বক্তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
বক্তাদের বক্তব্য
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের সদস্য সচিব শেখ জামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. অহিদুজ্জামান, কৃষিবিদ সাইদুর রহমান সেলিম, কৃষিবিদ মিজানুর রহমান, অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, প্রকৌশলী আতাউল মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল পাশা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তৌহিদা রশীদ ও অ্যাডভোকেট খায়ের উদ্দীন শিকদারসহ অন্যরা।
চিকিৎসক ও শিক্ষাবিদদের মতামত
অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী বলেন, হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ সম্পর্কে জাতি স্পষ্ট ব্যাখ্যা চায়। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দ্রুত শেষ করে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। অধ্যাপক ড. অহিদুজ্জামান বলেন, শিশুদের এই মৃত্যু স্বাভাবিক নয়। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
অন্যান্য উপস্থিতি
মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



