মনোবিজ্ঞানের ভাষায় 'ডার্ক এমপ্যাথ' হলো সেই ব্যক্তি যিনি অন্যদের আবেগ বুঝতে পারেন, কিন্তু সেই জ্ঞান ব্যবহার করেন নিজের স্বার্থে। প্রথম দেখায় তাঁরা অত্যন্ত সহানুভূতিশীল ও আকর্ষণীয় মনে হলেও, পরে ধরা পড়ে যে তাঁদের সহানুভূতি ছিল কেবল একটি কৌশল।
ডার্ক এমপ্যাথ কারা?
ডার্ক এমপ্যাথরা সাধারণত 'ডার্ক ট্রায়াড' নামক ব্যক্তিত্ব বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত। ডার্ক ট্রায়াড হলো তিনটি অন্ধকার বৈশিষ্ট্যের সমষ্টি:
১. নার্সিসিজম
অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা, নিজেকে বিশেষ মনে করা এবং অন্যদের কাছ থেকে অতিরিক্ত প্রশংসা ও মনোযোগ প্রত্যাশা করা।
২. ম্যাকিয়াভেলিয়ানিজম
অন্যদেরকে নিজের স্বার্থে ব্যবহার করা, মিথ্যা ও কৌশলের মাধ্যমে লক্ষ্য অর্জন করা এবং আবেগের চেয়ে ঠান্ডা মাথায় হিসাব-নিকাশ করে কাজ করা।
৩. সাইকোপ্যাথি
সহানুভূতির অভাব, অন্যদের সাফল্যে ঈর্ষা, আবেগ নিয়ন্ত্রণে দুর্বলতা এবং অন্যের ক্ষতি হলেও অনুশোচনা না থাকা।
ডার্ক এমপ্যাথদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে পারে, তবে তাঁরা অন্যদের আবেগ পড়তেও সক্ষম।
কীভাবে চিনবেন?
- প্রথম দেখায় আকর্ষণীয় ও মিশুক: তাঁদের আত্মবিশ্বাস ও বন্ধুসুলভ আচরণ সহজেই মানুষকে আকর্ষণ করে।
- অন্যের দুর্বলতা বুঝে ফেলেন: কে কী শুনতে চায়, কার কোথায় কষ্ট—এসব তাঁরা দ্রুত ধরতে পারেন।
- সহানুভূতির অভিনয় করেন: মনে হতে পারে তাঁরা খুবই সহানুভূতিশীল, কিন্তু পরে দেখা যায় সেটা ছিল সুবিধা নেওয়ার উপায়।
- অপরাধবোধ কম: অন্যের অনুভূতিতে আঘাত লাগলেও তাঁদের তেমন অনুতাপ থাকে না।
- সম্পর্কে নিয়ন্ত্রণ চান: মানসিক চাপ, গিল্ট-ট্রিপ, সূক্ষ্ম ম্যানিপুলেশন—এসবের মাধ্যমে তাঁরা মানুষকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করেন।
সাধারণত সহানুভূতিশীল মানুষ অন্যের অনুভূতি বুঝে পাশে দাঁড়ায়। কিন্তু ডার্ক এমপ্যাথরা অন্যের অনুভূতি বুঝলেও সেটিকে প্রভাব খাটানো, নিয়ন্ত্রণ বা মানসিকভাবে চালিত করার জন্য ব্যবহার করে।
কেন তাঁরা বিপজ্জনক?
কারণ তাঁরা প্রকাশ্যে খারাপ আচরণ করেন না। বরং ভালো মানুষ সেজে ধীরে ধীরে মানসিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ফলে তাঁদের চেনা কঠিন হয়। তাঁরা বন্ধুবেশী শত্রু, যা তাঁদের সবচেয়ে বড় অস্ত্র। এ কারণেই তাঁরা দ্রুতগতিতে এবং প্রকাশ্য শত্রুর চেয়েও গভীরভাবে ক্ষতি করতে পারেন। আপনি তাঁকে সহানুভূতিশীল মনে করে পাশে রাখেন, কিন্তু তাঁর নেতিবাচক পদক্ষেপ সম্পর্কে সতর্কও থাকেন না।
কী করবেন?
- নিজের সীমারেখা পরিষ্কার রাখুন।
- বারবার বিভ্রান্ত হলে তাঁর আচরণ লক্ষ্য করুন।
- ওই ব্যক্তি পাশে থাকলে আপনার এনার্জি কেমন থাকে, তা লক্ষ্য করুন।
- কথার চেয়ে কাজ দেখুন।
- অপরাধবোধে ফেলে নিয়ন্ত্রণ করলে সতর্ক হোন।
- তাঁদের থেকে নিরাপদ দূরত্বে থাকুন।
এককথায়, ডার্ক এমপ্যাথ এমন ব্যক্তি যাঁরা অন্যের অনুভূতি বোঝেন, কিন্তু সেই বোঝাপড়াকে ভালোবাসা বা সহানুভূতির জন্য নয়, বরং নেতিবাচকভাবে প্রভাব বিস্তার ও নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করেন।



