ফেনীর পরশুরাম উপজেলায় ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারিয়েছেন ননাই বিবি (৫২) নামের এক গৃহবধূ। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর মহম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয়রা জানান, ঝড়ে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে সড়কের উপর ঝুলে ছিল। সকালে বাড়ির সামনের ওই পথ দিয়ে যাওয়ার সময় ননাই বিবি তারটি দেখতে পান। যেকোনো সময় পথচারী দুর্ঘটনার শিকার হতে পারেন—এমন আশঙ্কায় তিনি তারটি রাস্তা থেকে সরানোর চেষ্টা করেন। এ সময় তারটিতে বিদ্যুৎ প্রবাহ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। মৃত গৃহবধূ ওই গ্রামের জর্দার বাড়ির মৃত আবুল কাসেমের স্ত্রী।
স্থানীয়দের অভিযোগ
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ঝড়ের পর বিদ্যুতের লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। তারা ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামত এবং ঝুলন্ত তারের বিষয়ে বিদ্যুৎ বিভাগের নিয়মিত নজরদারির দাবি জানান।
বিদ্যুৎ বিভাগের বক্তব্য
পরশুরাম পল্লী বিদ্যুতের ডিজিএম সুহেল আখতার বলেন, “মৃত্যুর ঘটনা সত্য। তারটি ঝুলন্ত অবস্থায় ছিল; কিন্তু এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।”
থানায় মামলা
ঘটনার সত্যতা নিশ্চিত করে পরশুরাম মডেল থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



