ডেস্কে বসে কাজের ফলে ওজন বৃদ্ধি: লক্ষণ ও সমাধান
সকাল থেকে বিকেল পর্যন্ত টানা কম্পিউটারের সামনে বসে কাজ করা আজকের কর্মজীবনের একটি সাধারণ দৃশ্য। মিটিং, ডেডলাইন এবং কাজের চাপ সামলাতে গিয়ে দিনের বেশিরভাগ সময় কেটে যায় চেয়ারে বসেই। কিন্তু একসময় আয়নায় তাকিয়ে হঠাৎ মনে হতে পারে, পেটটা আগের চেয়ে একটু বেশি বেরিয়ে এসেছে! খাবার তো একই রকম, মাঝে মধ্যে ব্যায়ামও করা হয়—তবু ওজন বাড়ছে কেন? বিশেষজ্ঞদের মতে, এর পেছনের মূল কারণ হতে পারে দীর্ঘ সময় ধরে বসে থাকার অভ্যাস।
দীর্ঘক্ষণ বসে থাকার নীরব প্রভাব
অনেকেই ভাবেন, দিনে আধঘণ্টা ব্যায়াম করলেই সারাদিন বসে থাকার ক্ষতি পুষিয়ে যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন। টানা বসে থাকলে শরীরের বিপাকক্রিয়া বা মেটাবলিজম ধীরে ধীরে কমে যায়। এর ফলে ক্যালরি কম খরচ হয়, শরীরে অতিরিক্ত চর্বি জমতে শুরু করে এবং শক্তি ব্যবহারের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। এছাড়া দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকলে শরীরের ‘মেটাবলিক ফ্লেক্সিবিলিটি’ কমে যায়। অর্থাৎ, শরীর ঠিকভাবে কার্বোহাইড্রেট ও চর্বির মধ্যে শক্তির উৎস পরিবর্তন করতে পারে না। এর প্রভাব পড়ে রক্তে শর্করার ওপর, বাড়ে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং হৃদরোগের ঝুঁকি।
যে লক্ষণগুলো বলছে, সমস্যা হচ্ছে
যদি নিচের উপসর্গগুলো দেখা যায়, তবে বুঝতে হবে দীর্ঘ সময় বসে কাজ করার প্রভাব শরীরে পড়ছে:
- পেটের চারপাশে চর্বি জমা: কম নড়াচড়ার কারণে অতিরিক্ত ক্যালরি চর্বি হিসেবে জমে যায়, বিশেষ করে পেটে।
- রক্তচাপ বেড়ে যাওয়া: নিষ্ক্রিয় জীবনযাপনে রক্তসঞ্চালন কমে, ফলে হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ পড়ে।
- রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি: শরীর গ্লুকোজ সঠিকভাবে ব্যবহার করতে না পারলে ডায়াবেটিসের আশঙ্কা বাড়ে।
- কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি: খারাপ কোলেস্টেরল বাড়তে থাকে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
- সারাক্ষণ ক্লান্ত লাগা: ধীর মেটাবলিজম মানেই কম শক্তি উৎপাদন, ফলে অবসন্নতা পিছু ছাড়ে না।
- পেশির দুর্বলতা: বিশেষ করে পা ও কোমরের পেশি কম ব্যবহার হলে শক্তি হারায় এবং বিপাকক্রিয়া আরও মন্থর হয়।
কীভাবে সমাধান সম্ভব?
ডেস্কে বসে কাজ করলেই অসুস্থ হতে হবে—এমন নয়। কিছু সচেতন অভ্যাস গড়ে তুললেই ঝুঁকি কমানো যায়। যেমন:
- প্রতি ২০–৩০ মিনিট পরপর উঠে দাঁড়ানো বা অল্প হাঁটা: এটি রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে।
- প্রতি ঘণ্টায় কয়েক মিনিট স্ট্রেচিং করা: পেশি শিথিল করে এবং ক্লান্তি কমায়।
- রাতের ভারী খাবার এড়িয়ে পুষ্টিকর সকালের নাশতায় গুরুত্ব দেওয়া: এটি বিপাকক্রিয়া সক্রিয় রাখে।
- সোজা ভঙ্গিতে বসা: যা রক্তপ্রবাহ ও মনোযোগ বাড়ায় এবং পিঠের ব্যথা প্রতিরোধ করে।
- অফিসেই সহজ ব্যায়াম করা: যেমন চেয়ার স্কোয়াট, সিটেড লেগ লিফট বা হালকা হাতের ব্যায়াম, যা সময় বাঁচিয়ে স্বাস্থ্য বজায় রাখে।
আজকের কর্মজীবনে দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করা প্রায় অনিবার্য। তবে শরীরের সংকেতকে অবহেলা করা উচিত নয়। ওজন বৃদ্ধি বা অকারণ ক্লান্তি অনেক সময় বয়সের কারণে নয়, বরং জীবনযাপনের সতর্কবার্তা। নিয়মিত নড়াচড়া, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও সচেতনতা—এই কয়েকটি অভ্যাসই পারে আপনার মেটাবলিজম সচল রাখতে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা এড়াতে।
