দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। এ সময় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪১ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃত্যু ও আক্রান্তের সংখ্যা
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১১ মে সকাল পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৬৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জনে। একই সময়ে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৩৭ জন। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫০ হাজার ৫০০।
হাসপাতালে ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।



