হামে ২৭৩ শিশুর মৃত্যুতে উদ্বেগ খেলাঘর আসরের
হামে ২৭৩ শিশুর মৃত্যুতে উদ্বেগ খেলাঘর আসরের

হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে ২৭৩ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটি টিকার ঘাটতি ও ব্যবস্থাপনার ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মানববন্ধনে বক্তারা

রবিবার (২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা বলেন, হামের টিকা না পাওয়ার কারণেই শিশু মৃত্যুর এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তারা অভিযোগ করেন, কয়েক বছর ধরে টিকাদান কার্যক্রমে ঘাটতি ও অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

বক্তারা আরও বলেন, আইসিইউ সংকট এবং চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক শিশুকে সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তারা টিকাদান ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিশুর মৃত্যু রাষ্ট্র ও সমাজের ব্যর্থতা

খেলাঘর নেতারা বলেন, একটি শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের নয়, বরং এটি রাষ্ট্র ও সমাজের ব্যর্থতারই প্রতিচ্ছবি। তারা জোর দিয়ে বলেন, “রাষ্ট্রকে দেশের প্রতিটি শিশুর জন্য সমান স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ

সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্নার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রণয় সাহা, শফিকুর রহমান শহীদ, রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সুনীল সরকার, হান্নান চৌধুরী, হাফিজুর রহমান মিন্টু, হাসান তারেক অশোকেশ রায়, রাজন ভট্টাচার্য, নসরু কামাল খান, সামিনা জাহানসহ অনেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম

এর আগে সকালে ইস্কাটনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশ গড়ার শপথ গ্রহণ করা হয়।