ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎ না থাকায় ঘরের বাইরে বের হওয়া এক যুবক বিষধর সাপের কামড়ে মারা গেছেন। নিহতের নাম ইমরান হোসেন (২৬), তিনি উপজেলার ত্রিলোচনপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
নিহতের বড় ভাই রিপন হোসেন জানান, সোমবার রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে যায়। তখন ইমরান ঘরের বাইরে বের হন। এ সময় তাকে সাপে কাটে, কিন্তু তিনি সাপটি দেখতে পাননি। তিনি ভেবেছিলেন অন্য কিছুতে আঘাত লেগে রক্ত বের হচ্ছে। পরে বিদ্যুৎ এলে তিনি ঘরে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তিনি পরিবারের সদস্যদের ডাকাডাকি করেন।
হাসপাতালে নেওয়ার পর
পরিবারের সদস্যরা দ্রুত তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য দুটি ইনজেকশনের প্রয়োজন, যার মধ্যে একটি হাসপাতালে আছে, অন্যটি নেই। রোগীকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। কিন্তু যশোর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
রিপন হোসেন অভিযোগ করে বলেন, যশোর নেওয়ার পর তার শরীরে অ্যান্টিভেনম দেওয়ার মতো অবস্থা ছিল না। কালীগঞ্জ হাসপাতালে অ্যান্টিভেনম থাকলেও তার ভাইকে দেওয়া হয়নি।
স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্য
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুণ কুমার বলেন, সোমবার রাত ২টার দিকে ইমরান নামে এক সাপে কাটা রোগী হাসপাতালে আসে। অ্যান্টিভেনম দেওয়ার পর যে ওষুধগুলো দিতে হয় সেগুলো ছিল না, তাই তাকে যশোরে রেফার করা হয়। পরে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, হাসপাতালে যে অ্যান্টিভেনম আছে তা দিয়ে ১-২ জন রোগীর চিকিৎসা দেওয়া যাবে। অ্যান্টিভেনমের স্বল্পতার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।



