দেশের ৬১ জেলায় হামের প্রাদুর্ভাব, তিন জেলায় এখনও সংক্রমণ শনাক্ত হয়নি
দেশের ৬১ জেলায় হামের প্রাদুর্ভাব, তিন জেলায় সংক্রমণ নেই

দেশের ৬১টি জেলায় সংক্রামক রোগ হাম ছড়িয়ে পড়েছে। শুধু পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙ্গামাটিতে এখনও এর সংক্রমণ শনাক্ত হয়নি। রাজশাহী বিভাগে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি ও ঘাটতি পর্যালোচনার জন্য আয়োজিত বিভাগীয় সমন্বয় কমিটির বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ।

হামের বিস্তার ও টিকাদান কার্যক্রম

সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙ্গামাটি ছাড়া দেশের ৬১টি জেলাতে হাম ছড়িয়ে পড়েছে। দেড় মাসের শিশু থেকে ৭০ বছর বয়সি হাম রোগী শনাক্ত হয়েছে। উন্নত দেশগুলোতে হামজনিত মৃত্যুর হার ১ থেকে ৩ শতাংশ হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এটা ১০ শতাংশ পর্যন্ত দেখা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হলেও রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার হামের হট স্পটগুলোতে ৫ এপ্রিল থেকেই টিকা দেওয়া শুরু হয়েছে। এবার সাধারণ মানুষ অত্যন্ত আগ্রহের সঙ্গে তাদের বাচ্চাদের টিকা দিচ্ছে।

টিকাদানের অগ্রগতি ও চ্যালেঞ্জ

গত ২৫ এপ্রিল পর্যন্ত এ বিভাগে টিকাদানের যে লক্ষ্যমাত্রা ছিল, প্রকৃত টিকাদান তার চেয়ে বেশি হয়েছে। এর মধ্যে পাঁচ বছর ঊর্ধ্ব কিছু শিশু যেমন টিকা নিয়েছে, তেমনি পাঁচ বছরের নিচের ৫ থেকে ৬ শতাংশ শিশু টিকার বাইরে থেকে গেছে। প্রান্তিক পর্যায়ের অসচেতন বাবা-মা, বিশেষ করে যারা উভয়ই কাজের জন্য প্রতিদিন শিশুকে বাড়িতে রেখে বাইরে চলে যায়, তাদের কিছু শিশু এ টিকা থেকে বাদ পড়ে যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ বলেন, আজকের সমন্বয় সভায় যেসব সমস্যা বা ঘাটতিগুলো চিহ্নিত হয়েছে, সেগুলো ইতোমধ্যে জেলা প্রশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা এসব সমস্যা কাটিয়ে উঠতে পদক্ষেপ গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, আমরা একেকজন একেক কাজ করি। আবার সবাই মিলে সবার কাজও করি। আমাদের বিভিন্ন দপ্তরের মধ্যে ভালো সমন্বয় আছে। সম্মিলিতভাবে আমরা হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করব। এ সময় ভ্রাম্যমাণ টিম দিয়ে বাদপড়া শিশুদের টিকাদান নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তরের প্রতি আহ্বান জানান ড. আনম বজলুর রশীদ।

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ

অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, সমাজসেবা দপ্তরের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম প্রমুখ বক্তব্য দেন। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে গঠিত বিভাগীয় সমন্বয় সভার সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।