হামের টিকা ক্যাম্পেইন না হওয়ায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
হামের টিকা ক্যাম্পেইন না হওয়ায় সংক্রমণ বেড়েছে

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ছবি: সংগৃহীত। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দুই সরকারের ব্যর্থতার কারণে হামের সংক্রমণ বেড়েছে। ২০২০ সালের পরে হামের টিকার ক্যাম্পেইন হয়নি। চার বছর পর পর এই টিকার ক্যাম্পেইন হওয়ার কথা। বিগত দুটি সরকার ক্যাম্পেইন না করার কারণে শিশুদের বড় একটি অংশ টিকার আওতার বাইরে রয়ে গেছে, যাদের এখন হাম হচ্ছে।

শুক্রবার সন্ধ্যার আগে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার এখন দেশব্যাপী হামের টিকা কার্যক্রম শুরু করেছে। শুরুতে দেশের ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু করলেও গত ২০ তারিখ থেকে সারা দেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাবি ও ইউনিসেফের কাছে কৃতজ্ঞ, যারা আমাদের টিকা দিয়ে যাচ্ছে। গ্যাবি হামের জন্য দুই মিলিয়নের বেশি টিকা দিয়েছে।’

ঝটিকা পরিদর্শনে এসে মন্ত্রী জলাতঙ্কের টিকা না থাকার ভুল তথ্য গণমাধ্যমে উপস্থাপনের অভিযোগে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আহাম্মদ কবীরকে প্রত্যাহারের আদেশ দেন। সেই সঙ্গে বিভিন্ন অনিয়মের জন্য সিভিল সার্জন কামরুল জমাদ্দার ও স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর মো. মিজানুর রহমানকেও প্রত্যাহার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর আগে স্বাস্থ্যমন্ত্রী মুন্সিগঞ্জের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে হাসপাতালে মতবিনিময় করেন। এ সময় মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম আজাদ, জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ