খাবার হজম হওয়ার পর যে বর্জ্য তৈরি হয়, তা ক্ষুদ্রান্ত্র থেকে বৃহদান্ত্রে পৌঁছায়। এরপর তা রেকটামে জমা হয় এবং চাপ তৈরি হলে তা শরীর থেকে বেরিয়ে যায়। এই প্রক্রিয়ায় দূষিত পদার্থ মলমূত্রের মাধ্যমে বের হয়ে পড়ে। তাই পেট ঠিকমতো সাফ না হলেই শরীরে নানা সমস্যা দেখা দেয়।
গাট ট্রানজিট টাইম কী?
গাট ট্রানজিট টাইম হলো খাবার গ্রহণ থেকে মলত্যাগ পর্যন্ত সময়। এই প্রক্রিয়াটি কত ধীর বা দ্রুতগতিতে হচ্ছে, তার ওপর সামগ্রিক স্বাস্থ্য নির্ভর করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা তখনই দেখা দেয়, যখন পর্যাপ্ত পানি ও ফাইবারজাতীয় খাবার খাওয়া হয় না। এতে হজম স্বাস্থ্য অত্যন্ত দুর্বল হয়ে পড়ে।
গবেষণা কী বলছে?
গবেষণায় দেখা গেছে, কোলনে কতক্ষণ মল জমে থাকছে, তা স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মল কতটা ধীরে বা দ্রুতগতিতে চলাচল করছে, তার ওপর নির্ভর করে অন্ত্রের মাইক্রোবায়োমের গঠন বদলে যায়। এর ফলে মেটাবলিক স্বাস্থ্য বিঘ্নিত হয় এবং শরীরে প্রদাহ বাড়তে থাকে। অনেক সময় স্নায়বিক রোগও দেখা দেয়।
মল যত বেশি শক্ত হয়, গাট ট্রানজিট টাইমে তত বেশি সময় লাগে। এই প্রক্রিয়া যত ধীরগতিতে হবে বা বর্জ্য পদার্থ যত বেশি সময় ধরে কোলনে থাকবে, অন্ত্রে তত বেশি অ্যামোনিয়া ও ফেনলের মতো ক্ষতিকর উপাদান তৈরি হবে। এই প্রক্রিয়াটি অন্ত্রের কোষকে ক্ষতিগ্রস্ত করে এবং ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে।
কোষ্ঠকাঠিন্যের সময়সীমা
সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত মল শরীরে থাকতে পারে। এর বেশি সময় থাকলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। আবার এর চেয়ে কম সময়ে মল শরীর থেকে বেরিয়ে গেলে বা গাট ট্রানজিট টাইম দ্রুতগতিতে হলে ডায়রিয়া হয়ে যায়। মল দ্রুত শরীর থেকে বেরিয়ে গেলে শরীর খাবার থেকে ঠিকমতো পুষ্টি শোষণ করতে পারে না, ফলে ভিটামিন ও মিনারেলের ঘাটতি হয় এবং ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়।
হজম স্বাস্থ্য ভালো রাখার উপায়
- প্রতিদিন পর্যাপ্ত ফাইবার খাওয়া উচিত। খাদ্যতালিকায় শাকসবজি, ফল, দানাশস্য রাখুন।
- দই, ইডলি, দোসার মতো প্রোবায়োটিক প্রতিদিনের পাতে রাখুন।
- দিনে ৩-৪ লিটার পানি পান করুন এবং তরল খাবারও খান।
- নিয়মিত ব্যায়াম করুন। হাঁটলেও শরীর ভালো থাকে।
- প্রতিদিন মলত্যাগের একটি ভালো অভ্যাস গড়ে তুলুন।
দীর্ঘক্ষণ মল জমে থাকলে যেসব রোগ হতে পারে
- কোলোরেক্টাল ক্যানসার
- ব্রেস্ট ক্যানসার
- পার্কিনসনস ও অ্যালঝেইমার্সের মতো স্নায়বিক রোগ
- হৃদরোগ ও কিডনি রোগ
- ডায়াবিটিস ও ওবেসিটি



