দেশে হামের রোগী ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সরকারি হাসপাতালগুলোকে রোগী ফেরত না দিয়ে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শয্যা সংকটের অজুহাতে কোনো রোগীকে অন্যত্র পাঠানো যাবে না বলে জানানো হয়েছে।
নির্দেশনা জারি
স্বাস্থ্য অধিদফতরের মহাখালী কার্যালয় থেকে ২১ এপ্রিল এই নির্দেশনা জারি করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় সব সরকারি হাসপাতালকে দ্রুত এটি কার্যকর করতে বলা হয়েছে।
শয্যা ব্যবস্থাপনা
নির্দেশনায় বলা হয়, হাসপাতালে আসা হাম বা হাম-উপসর্গের রোগীদের ক্ষেত্রে শয্যা খালি না থাকলেও ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে। তবে জটিল অবস্থা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য রোগীকে রেফার করা যাবে।
রেফারাল চেইন
রেফার করার ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত রেফারাল চেইন অনুসরণ করতে হবে। এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে দায় বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



